খায়রুজ্জামানের আয় ও সম্পদ বেড়েছে, কমেছে দেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের চেয়ে বার্ষিক আয় ২৪ গুণ বেড়েছে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের। এ ছাড়া গতবারের চেয়ে এবার তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও বেড়েছে। তিনি এক কোটি টাকা দেনাও পরিশোধ করেছেন। ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান। পাঁচ বছর দায়িত্ব পালনের পর এবারও তিনি নাগরিক কমিটির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করছেন। রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান পেশায় একজন আইনজীবী। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার গতকাল প্রথম আলোকে বলেন, প্রার্থীরা তাঁদের সম্পদ ও দায়দেনার হিসাব নিজেরা স্বাক্ষর করে হলফনামায় দিয়েছেন। রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১২ মে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৮ সালে খায়রুজ্জামান তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন দুই লাখ ৪৪ হাজার টাকা। এবার বার্ষিক আয় দেখিয়েছেন ৫৮ লাখ ৭৫ হাজার ৭৭২ টাকা। এবার তিনি স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট এক কোটি ৬৩ লাখ টাকার সম্পদের হিসাব দেখিয়েছেন। গতবার দেখিয়েছিলেন ১০ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের হিসাব। এ ছাড়া গতবার তিনি এক কোটি ৩৩ লাখ টাকার মোট দায়দেনা দেখিয়েছেন। এবার তা নেমে এসেছে ৩২ লাখ ৪৪ হাজার ২৭৪ টাকায়।এ ছাড়া গত নির্বাচনে তিনি ৭৫ হাজার টাকার সাড়ে সাত বিঘা জমি ও আট হাজার চার শ টাকার পাঁচ কাঠা অকৃষিজমি এবং দালান বাড়ি ও মাছের খামার স্থাবর সম্পত্তি হিসেবে দেখিয়েছিলেন। এবার স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে ১ দশমিক ৬৩ একর কৃষিজমি, ঢাকার বনানীতে ২৫ লাখ ১৪ হাজার ৮৮১ টাকা মূল্যের পাঁচ কাঠার একটি প্লট (মালিকানা ৫০ শতাংশ), রাজশাহী নগরে ৫৭ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের তিনতলা একটি দালানবাড়ি দেখিয়েছেন। খায়রুজ্জামান অবশ্য বলেন, ‘ঢাকায় আমাদের দুই ভাইয়ের একটি প্লট আছে। আমরা সেখানে বাড়ি করার জন্য একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ওই চুক্তির ফলে আমি বেশ কিছু অর্থ পেয়েছি। তাই আমার আয় চোখে পড়ছে।’ মোসাদ্দেক হোসেন: নগর বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন পেশায় সাধারণ ব্যবসায়ী। তাঁর আয়ের একটি অংশ মৎস্য চাষ থেকে আসে। যার পরিমাণ বছরে এক লাখ ৯২ হাজার টাকা। এবার তিনি নিজের নামে নগদ ছয় লাখ ৬৫ হাজার ১৫৫ টাকা ৩২ পয়সা, স্ত্রীর নামে নয় লাখ ৪৭ হাজার টাকা, তাঁর নিজের নামে স্বর্ণালংকার ২৫ ভরি ও স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণালংকার অস্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন। গত নির্বাচনে দেখিয়েছেন চার লাখ ৬৭ হাজার টাকার সম্পদ। এই দুজন ছাড়াও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী হাবিবুর রহমান ও কলেজশিক্ষক মীর মোজাম্মেল হক এবার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন।দুই প্রার্থীর বার্ষিক আয়এ এইচ এম খায়রুজ্জামান: ৫৮,৭৫,৭৭২মোসাদ্দেক হোসেন: ১,৯২,০০০