খায়রুল হককে বিতর্কিত বললেন খন্দকার মাহবুব
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বিতর্কিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, খায়রুল হককে নিয়ে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে কথা বললে আদালত অবমাননা হয় কিনা, তা আদালতের ওপর ছেড়ে দেওয়া যেতে পারে।আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, দেলোয়ারা হাবিব, জামিল আকতার এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।খন্দকার মাহবুব বলেন, খায়রুল হক সাত মাস দায়িত্বে ছিলেন। এ সময়ে তিনি অনেক বক্তব্য দিয়েছেন, যা আচরণ-বিধি (কোড অব কনডাক্ট) লঙ্ঘন করে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাবেক এই প্রধান বিচারপতি ১০ লাখ টাকা নিয়েছেন। এটি বিরল ঘটনা।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, খায়রুল হক কী পরিপ্রেক্ষিতে টাকা নিয়েছিলেন, তা সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘লেট মি অ্যালোন।’ সাংবিধানিক কতগুলো মামলার রায় দেওয়ার সময় অর্থ নেওয়ার বিষয়টি জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, রায় দেওয়ার সময় তিনি কেন এটা করতে গেলেন। বিষয়টি পরিষ্কার করলে বিভ্রান্তি সৃষ্টি হতো না। টাকা নেওয়ার ক্ষেত্রে হয়তো স্বচ্ছতার অভাব ছিল।