মাদারীপুরে আওয়ামী লীগের নেতার হামলায় আহত প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।চিকিৎসকেরা বলেছেন, মাথায় আঘাত লাগলেও খায়রুল বড় ধরনের ক্ষতির আশঙ্কামুক্ত। তাঁর অবস্থার আরও উন্নতি হলে বরিশাল বা ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।খায়রুলসহ সাত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বোর্ড গঠন করে খায়রুল আলমের চিকিৎসা করা হচ্ছে। তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় আঘাত পাওয়ায় ভয় পেয়েছিলাম। সে অবস্থা কেটে গেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।’তবে আহত খায়রুল আলম গতকাল জানান, এখনো শরীরে প্রচণ্ড ব্যথা এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের দুর্নীতি ও দখল নিয়ে বিভিন্ন সময়ে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এ কারণে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন দেলোয়ার। গত শনিবার সকালে তিনি ও তাঁর সমর্থকেরা কালকিনি উপজেলায় সব সংবাদপত্র বিলি করতে বাধা দেন। খবর পেয়ে খায়রুলসহ স্থানীয় সাত সাংবাদিক উপজেলার ভুরঘাটা এলাকায় পত্রিকা এজেন্টের কার্যালয়ে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করেন। এ সময় খায়রুলের মাথায় জখম হয়। আহত অন্য সাংবাদিকেরা হলেন: দৈনিক ইত্তেফাক-এর কালকিনি প্রতিনিধি আসাদুজ্জামান, যুগান্তর-এর এইচ এম মিলন, নয়া দিগন্ত-এর জাকির হোসেন, যায়যায়দিন-এর শহিদুল ইসলাম, ডেসটিনির রফিকুল ইসলাম ও স্থানীয় দৈনিক বিশ্লেষণ-এর বি এ কে মামুন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলার পর পুলিশ দেলোয়ারের ভাতিজা ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুজিবুল হায়দারকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আওয়ামী লীগের নিন্দা: শনিবার রাতে কালকিনি উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, ‘দেলোয়ার হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি হলেও পত্রিকা বিক্রিতে বাধা দেওয়ার ঘটনার দায়ভার ব্যক্তিগতভাবে তাঁকেই নিতে হবে। এখানে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমরা ঘটনার নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বেপারী প্রমুখ।