খায়রুলের টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার দাবি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেওয়া টাকা সরকারি কোষাগারে ফেরত নিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রোববার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও দুটি দাবি জানিয়েছে ফোরাম। ফোরাম বলেছে, এ বি এম খায়রুল হকের নেওয়া টাকা অনৈতিক কি না, তা তদন্ত করে দেখতে হবে। একজন প্রধান বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করতে হবে। একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করে দেখতে হবে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের চার নম্বর গুরুত্বপূর্ণ পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি প্রধান বিচারপতিকে গরিব ও দুস্থ বলা যায় কি না। এ ছাড়া সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দুস্থদের জন্য বরাদ্দ ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা আত্মসাত্ করার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত সাপেক্ষে মামলা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ফোরাম বলেছে, আইন বহির্ভূতভাবে সাবেক বিচারপতি খায়রুল হককে গরিব ও দুস্থ দেখিয়ে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আইনজীবী রফিকুল ইসলাম মিঞা লিখিত বক্তব্যে এসব দাবি জানান। এ সময় ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।