খিলক্ষেতে কলেজছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে শামীমা নাসরিন ওরফে সুইটি (২৩) নামের এক কলেজছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে পুলিশ নিকুঞ্জ এলাকার একটি বাসার তালা ভেঙে লাশটি উদ্ধার করে। সুইটি ঢাকা সিটি কলেজের বিবিএ মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ নিকুঞ্জের তিন নম্বর সড়কের ১৪ নম্বর বাসার পঞ্চম তলার দরজা ভেঙে সুইটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।মো. ফিরোজ বলেন, লাশে পচন ধরেছে। সম্ভবত কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁকে খুন করে পালিয়ে গেছে।সুইটির বোন রেহানা পারভীন জানান, ১৮ আগস্ট রাতে চাচাতো বোন জাহানারা বেগমের বাসায় বেড়াতে যান সুইটি। দুই দিন ধরে তাঁকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। তিনি দাবি করেন, জাহানারার পরিবারের সদস্যরা সুইটিকে খুন করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সুইটি কদমতলীর বাসাবো এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।