খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপা পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কাভার্ড ভ্যান চাপা পড়ে একজন রিকশাভ্যানচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি। অপরজন হলেন রিকশাভ্যানচালক আবদুর রহিম (৩৫)। তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টঙ্গীগামী মালবোঝাই একটি কাভার্ড ভ্যান খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারের সামনে রিকশাভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এই সংঘর্ষে আবদুর রহিম ও তাঁর রিকশাভ্যানের অজ্ঞাত পরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। খিলক্ষেত থানার অপারেশনস কর্মকর্তা দ্বীনে আলম জানান, কাভার্ড ভ্যানটিকে ধরা যায়নি। তবে এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।