খিলক্ষেতে বৃদ্ধা খুন
রাজধানীর খিলক্ষেতে রওশন আরা বেগম (৬৮) নামের একজন বৃদ্ধাকে খুন করেছে দুর্বৃত্তরা। খিলক্ষেতের উত্তর নামাপাড়ার আলাউদ্দিন মিয়ার ১০৮/ক নম্বর বাসায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। রওশন আর বেগম প্রয়াত হাজি ফজলুল করিমের স্ত্রী। রওশনের পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়িওয়ালার মাদকাসক্ত দুই ছেলে রওশন আরাকে হত্যা করে বাসা থেকে নগদ দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি এলসিডি মনিটর নিয়ে গেছে।প্রথম আলো ডটকমকে দেওয়া রওশন আরার ছেলে জাহাঙ্গীর আলমের ভাষ্য, ‘আলাউদ্দিন মিয়ার বাড়ির তৃতীয় তলায় আমি আমার পরিবার নিয়ে থাকি। আমার ছোট দুই ভাই ইকবাল ও লিঙ্কনকে নিয়ে আমার মা ওই বাড়ির পঞ্চম তলায় থাকতেন। গতকাল দিনের বেলা আমার মা বাসায় ছিলেন না। আমি তাঁদের ফ্ল্যাটে তালা ঝোলানো দেখতে পাই। রাতে ছোট ভাই ইকবাল বাসায় ফিরে দরজা খুলে বাথরুম থেকে মাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। আজ ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা আমার মাকে মৃত ঘোষণা করেন।’জাহাঙ্গীর জানান, তাঁর মায়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর অভিযোগ, তাঁদের বাড়িওয়ালার মাদকাসক্ত দুই ছেলে রাকিব ও কামাল তাঁর মাকে হত্যা করে দুই লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি এলসিডি মনিটর নিয়ে গেছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রওশন আরা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।