খিলক্ষেতে রেলকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত খাঁ-পাড়া এলাকার রেললাইনের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে একজন রেলকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছে। তবে পুলিশ এটাকে দুর্ঘটনা বলে দাবি করেছে। পুলিশ সূত্র জানায়, নিহত ওই রেলকর্মীর নাম কবীর হোসেন (৩০)। তিনি বনানীর সৈনিক ক্লাব রেলগেটের গেটম্যান ছিলেন। তাঁর তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে মেঝো ছেলে প্রতিবন্ধী।কবীরের ভাই রেলকর্মী কামাল হোসেনসহ স্বজনেরা বলেন, কবীর বনানী সৈনিক ক্লাব রেলঘুণ্টিতে থাকতেন। গতকাল কবীরের সাপ্তাহিক বন্ধ ছিল। এ জন্য তিনি গাজীপুরের শ্রীপুরের বিটিপাড়ায় গ্রামের বাড়িতে যেতে ভোরে বনানী থেকে টঙ্গীগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে কাওলা গেটের রেলকর্মীরা শনাক্ত করেন। দুষ্কৃতকারীরা তাঁর কাছ থেকে সব কিছু লুটে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে তাঁরা দাবি করেন। তবে নিহতের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, দুই ট্রেনের মাঝখানে পড়ে কবীরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে (রেলওয়ে পুলিশ) কমলাপুর জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কামাল জানান, কবীরের কাছে তাঁদের দুজনের বেতন ও ঈদের খরচের জন্য জমা করা ২০ হাজার টাকা ছিল। এ টাকার জন্যই দুষ্কৃতকারীরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিতে পারে। তিনি বলেন, সকালে কবীরের খাঁ-পাড়া এলাকায় যাওয়ার অন্য কোনো কারণ নেই। তিনি বাড়ি যেতে তুরাগে উঠেছিলেন এবং ওঠামাত্রই দুষ্কৃতকারীদের কবলে পড়েন। তা ছাড়া ভোরে তুরাগ এক্সপ্রেস ট্রেনে একেবারেই কম যাত্রী থাকে। কামাল ও তাঁর স্বজনেরা দাবি করেন, দুই ট্রেনের (লাইনের) মাঝে পর্যাপ্ত ফাঁক থাকে। এর মাঝে পড়ে কারও মৃত্যু হওয়ার কারণ নেই।মামলার তদন্ত কর্মকর্তা জিআরপির উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, ট্রেনের নিচে পড়েছিল না ধাক্কা খেয়েছে তা কেউ দেখেনি।নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাঁর শরীরে কোনো আঘাত বা তাঁকে ফেলে দেওয়ার কোনো আলামত পাইনি। তাঁর শরীরে রেললাইনের পাথর, স্লিপারের আঁচড়ের চিহ্ন রয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে পরিবার এমন অভিযোগ করলে সেভাবে মামলা নেওয়া হবে।