খিলক্ষেতে সীমানা দেয়াল ধসে ২ জন নিহত
রাজধানীর খিলক্ষেতে শিকদার সাবান ফ্যাক্টরি নামে একটি কারখানার সীমানা দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—পোশাকশ্রমিক সুমি আক্তার ও খিলক্ষেতের বাসিন্দা রতন মিয়া (১৪)। রতন একজন চা দোকানি। তার বাবা শহীদ মিয়া। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে পোশাক কারখানার শ্রমিক সুমি ও অজ্ঞাতনামা এক যুবক খিলক্ষেতের খাঁপাড়ার একটি কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সীমানা দেয়াল হঠাত্ ধসে গিয়ে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।পরে খিলক্ষেত থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দিয়েছে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে জানান, সীমানা দেয়ালটি পুরোনো ছিল। অবিরাম বৃষ্টিতে সীমানা দেয়ালের নিচের অংশে পানি জমায় দেয়ালটি ধসে পড়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।