খিলগাঁও উড়ালসেতুতে হালকা যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের উড়ালসেতু (ফ্লাইওভার) আজ বেলা সোয়া একটার দিকে হালকা যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে বিষেশজ্ঞ দল মত দেন, সেতুতে দৃশ্যত কোনো ত্রুটি এবং ঝুঁকি নেই। উড়ালসেতুর একটি স্প্যান সামান্য দেবে যাওয়ায় শুক্রবার রাতে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার দুপুরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল উড়ালসেতুটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বিশেষজ্ঞ দলে ছিলেন ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুল জব্বার খান ও অধ্যাপক মুনাজ আহম্মেদ নূর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে মুনাজ আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, সেতুতে কোনো ত্রুটি নেই। যেটুকু ত্রুটি আছে, তা আগে থেকেই ছিল, যা কারও চোখে পড়েনি। স্থানীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে বলে সেতুটি অনেক জায়গায় উঁচু-নিচু। কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে ত্রুটি রয়েছে তা মেরামতেরও প্রয়োজন নেই।ভারী যান কেন চলাচল করতে পারবে না? এ প্রশ্নের উত্তরে মুনাজ আহম্মেদ জানান, দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সড়ক নিরাপত্তার স্বার্থে উড়ালসেতুতে ভারী গাড়ি চলাচল করতে বারণ করা হয়। সে জন্যই মহাখালীর উড়াল সেতুতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এখানেও বন্ধ থাকবে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এ ত্রুটি আগেই চোখে পড়ত। বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পরপরই উড়ালসেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।