বসবাস করছে শিক্ষক-কর্মচারী পরিবার বর্তমান হোস্টেল সুপার দায়িত্বে আছেন ২৩ বছর
খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ঠাঁই নেই
খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের ফটক। ব্যাগ কাঁধে নিয়ে কয়েকজন ছাত্র ঢুকছে ভেতরে। এখানে তারা থাকে কি না, জানতে চাইলে একজন বলে, ‘না, আমরা এখানে প্রাইভেট পড়তে আসছি স্যারের কাছে।’ ছাত্রাবাসে তবে থাকে কারা? একটি কক্ষের দরজায় নক করতেই দরজা খুলে দিলেন এক মহিলা। ‘এটা তো ছাত্রাবাস, এখানে তো ছাত্রদের থাকার কথা। আপনারা কারা?’ এমন প্রশ্নে যেন আকাশ থেকে পড়লেন তিনি। উল্টো প্রশ্ন ছুড়লেন ‘কিসের ছাত্রাবাস? আপনি কে?’ সবশেষে জানা গেল, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের এই ছাত্রাবাসে কোনো ছাত্র থাকে না। পরিবার নিয়ে থাকেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক! এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীও এখানে বসবাস করেন।খোঁজ নিয়ে জানা যায়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। বিদ্যালয়ের ছাত্রদের আবাসিক সুবিধার কথা চিন্তা করে একটি ছাত্রাবাসও নির্মাণ করা হয়। প্রথম দিকে ছাত্ররা এখানে থাকলেও এখন এটি কোয়ার্টারে পরিণত হয়েছে। এখন ছাত্রাবাসে বসবাস করছে ২১টি পরিবার। এর মধ্যে পাঁচজন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অন্যরা শিক্ষা অধিদপ্তরসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী।স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মূলত ছেলেদের ছাত্রাবাসে থাকতে দিতে চাইতেন না অভিভাবকেরা। এ ছাড়া এখানে খাবারের ব্যবস্থাও ছিল না। তাই অনেক কক্ষ খালি থাকত। তখন কোনো কোনো শিক্ষক থাকা শুরু করেন। এরপর একসময় ছাত্রাবাসের পুরোটাই ছাত্রশূন্য হয়ে যায়।ছাত্রাবাসে কোনো ছাত্র না থাকলেও রয়েছেন হোস্টেল সুপার। ২৩ বছর ধরে তিনি এখানে দায়িত্বে আছেন। মাস শেষে বিদ্যুৎ বিল সংগ্রহ করে জমা দেওয়া আর বেতন তোলা ছাড়া কোনো কাজ নেই তাঁর। হোস্টেল সুপার ওবায়দুল হক ভুঁইয়া জানান, তিনি যখন এখানে আসেন তখন পাঁচজন ছাত্র ছিল। তারা চলে যাওয়ার পর আর কেউ ওঠেনি ছাত্রাবাসে। তিনি আরও বলেন, ছাত্র না থাকায় এ রকম হয়েছে। তবে এখন কেউ ইচ্ছে করলেও আর থাকার সুযোগ নেই। ছাত্রাবাসে ছাত্রদের থাকতে দেওয়া উচিত বলে মনে করেন খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের পাশের বাসিন্দা ফেরদৌস আহমেদ। তিনি বলেন, আগে ছাত্ররা থাকত না। কিন্তু এখন প্রতিযোগিতা বেড়েছে। দূর থেকে ছাত্ররা পড়তে আসছে। ভালো পরিবেশ পেলে অবশ্যই ছাত্ররা এখন থাকবে। কিন্তু ছাত্ররা তো মনে হয় জানেই না তাদের জন্য ছাত্রাবাস রয়েছে।ফেরদৌস আহমেদের কথার প্রমাণ পাওয়া গেছে ছাত্রদের সঙ্গে কথা বলে। খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা জানে না, এটি ছাত্রাবাস। তারা শুধু জানে ‘এটা স্যারদের বাসা’। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘ছাত্রাবাসে শিক্ষক থাকে এটা কেমন কথা? আর ছাত্রাবাস ভাড়াই বা দেয় কেমনে। কত ছাত্রই তো দূর থেকে এসে পড়ছে। ইচ্ছে থাকলেই তো আর আমার ছেলেকে এখানে রাখতে পারব না। এর নাম ছাত্রাবাস না হয়ে শিক্ষকাবাস হওয়া দরকার ছিল। এটা ছাত্রদের থাকার জন্য উপযোগী করা হোক।’খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস নিয়ে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার চোধুরীর সঙ্গে। তিনি দাবি করেন, খালি থাকায় শিক্ষা অধিদপ্তরসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে বসবাস করছে। এ জন্য সবার সরকারি নিয়মানুযায়ী বাসাভাড়া ও গ্যাস বিল কেটে নেওয়া হয়।ছাত্রাবাসটিকে আবার ছাত্রদের থাকার উপযোগী করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্কুলের ছাত্র কিংবা কোনো অভিভাবকের কোনো চাহিদা নেই ছাত্রাবাসে থাকার। সবাই বাসা থেকেই এখানে পড়ছে। আগ্রহ থাকলে বিষয়টি ভাবা যেত।’