খিলগাঁওয়ে গুলি করে বাসায় ডাকাতি
রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় রাশেদুল হক (২৮) নামের এক ব্যক্তিকে আজ বুধবার সন্ধ্যায় গুলি করে তাঁর বাসা থেকে অলংকারসহ টাকা লুট করে নিয়েছে ডাকাতেরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা সাতটার দিকে পাঁচজন ডাকাত ভূঁইয়াপাড়ার ২৩৬/৮, নূরানী মসজিদ রোডের বাসিন্দা কাজী মোজাম্মেল হকের তৃতীয় তলার বাসার কলিং বেল বাজায়।এ সময় দরজা খুলে দিলে ডাকাতেরা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাসায় কোনো পুরুষ ছিল না। একপর্যায়ে ডাকাতেরা চাবি নিয়ে আলমারি থেকে সোনার অলংকার, কয়েকটি মুঠোফোন ও টাকা নেয়।এরই মধ্যে কাজী মোজাম্মেলের ছেলে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢোকেন। তিনি ডাকাতদের দেখে চিত্কার দিলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। রাশেদুলের শরীরে গুলি লাগে। ঘটনার পর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।