খিলগাঁওয়ে দম্পতি এসিডদগ্ধ
রাজধানীর খিলগাঁওয়ে আজ সোমবার বিকেলে এসিডদগ্ধ হয়েছেন এক দম্পতি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।দম্পতির অভিযোগ, মামলা করায় গুলশানের একটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল প্রতিনিধি তাঁদের এসিড ছুড়ে মেরেছেন।হাসপাতাল সূত্র জানায়, ওই দম্পতি হলেন খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের বাসিন্দা শেখ আসাদুল হক (৪০) ও তাঁর স্ত্রী লাইনুর নাহার (৩২)। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তাঁরা। খিলগাঁও উড়ন্ত সেতুতে ওঠামাত্র চলন্ত একটি মাইক্রোবাস থেকে কয়েকজন তাঁদের দিকে এসিড ছুড়ে মেরে চলে যায়। এতে তাঁদের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আসাদুল সাংবাদিকদের বলেন, তিনি গুলশানের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করনে। তাঁর স্ত্রী লাইনুরও গুলশানের আরেকটি ওষুধ কোম্পানির (গ্ল্যাক্সোস্মিথক্লাইন) প্রতিনিধি ছিলেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের দুই প্রতিনিধি লাইনুরকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গত ২৬ মার্চ তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই দুজন। এরপর লাইনুর চাকরি ছেড়ে দেন এবং অভিযোগ এনে ২ এপ্রিল ওই দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আসাদুলের অভিযোগ, মামলা করায় ক্ষিপ্ত হয়ে ওই দুজন তাঁদের এসিড ছুড়ে মেরেছেন। মাইক্রোবাসে তাঁর স্ত্রী তাঁদের একজনকে দেখেছেন বলেও তিনি দাবি করেন।এ ব্যাপারে ওই কোম্পানিতে (গ্ল্যাক্সোস্মিথক্লিন) ফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁদের গণসংযোগ কর্মকর্তা অফিসে নেই। ওই কর্মকর্তার মুঠোফোন নম্বর চাইলে তা নেই বলে ফোন রেখে দেওয়া হয়। আসাদুলের অভিযোগ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।যোগাযোগ করা হলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর বিস্তারিত বলব।