খিলগাঁওয়ে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার এক
রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় ভেজাল ওষুধ তৈরির কারখানা থেকে প্যাথিডিন-জাতীয় বিপুল পরিমাণ ভেজাল ইনজেকশন, যৌন উত্তেজক ট্যাবলেট ও শ্বাসকষ্ট প্রশমনের ওষুধ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে অভিযান চালিয়ে পুলিশ এসব ভেজাল ওষুধ উদ্ধার করে। পুলিশ সোবহান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, আজ গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানার এক দল পুলিশ খিলগাঁও সি-ব্লকের ২৮৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় মানুষকে অচেতন করার ভেজাল ২৬ প্যাকেট ইনজেকশন, সাড়ে ৬০০ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও পুলিশ প্যাথিডিনের ২০টি খালি বোতল ও ২০০টি মোড়ক এবং শ্বাসকষ্ট প্রশমনের ওষুধ তৈরির দুটি যন্ত্র উদ্ধার করে।মাসুদুর রহমান আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে এসব ভেজাল ওষুধ তৈরি করে আসছে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।