খিলগাঁওয়ে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
রাজধানীর খিলগাঁও রেল ক্রসিংয়ে আজ শুক্রবার দুপুরে এক যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা দেড়টার দিকে বগিটি সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে ওই স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন এবং কমলাপুর থেকে আসা একটি সান্টিং ইঞ্জিন (বগিযুক্ত করে ট্রেনকে স্টেশনের যথাস্থানে নেওয়ার কাজে নিয়োজিত) একই লাইনে চলে আসে। এতে মহুয়া সজোরে ব্রেক কষলে তার একটি বগি লাইনচ্যুত হয়। পরে সান্টিং ইঞ্জিনটি কমলাপুরে ফিরে যায়। সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।রেলের অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বলেন, এখানে কোনো মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেনি। ট্রেন ও ইঞ্জিনটি একই লাইনে অবস্থান করায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সজোরে ব্রেক কষে। তাই ট্রেনের দুজন যাত্রী আহত হয়।মহুয়া এক্সপ্রেসের রেল কর্মকর্তারা জানান, ট্রেনটি আসার সব ধরনের সিগনাল ক্লিয়ার ছিল। সান্টিং ইঞ্জিনটি তার লাইন ছেড়ে এই লাইনে ঢুকে যায়।এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।