খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
রাজধানীর বাসাবো এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলটি খিলগাঁও ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র সাব্বির হোসেন (২০) ও মাদারটেক আবদুল আজিজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফেরদৌস আলম (১৮)। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ফেরদৌস মোটরসাইকেল নিয়ে খিলগাঁও ফ্লাইওভারে উঠছিলেন। তাঁর পেছনে বসা ছিলেন সাব্বির। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে দুজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ফেরদৌস মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে নিহতদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।সাব্বিরের বাসা ৬৭, দক্ষিণ বাসাবো। তাঁর বাবার নাম আবদুল মোতালেব। আর ফেরদৌসের বাসা জি/১ দক্ষিণ বনশ্রী। তাঁর বাবার নাম শাহ আলম খান।