খুঁজে খুঁজে বের করে যুদ্ধাপরাধীদের বিচার চলবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার এখনো চলছে। বাংলাদেশেও যুদ্ধাপরাধীদের খুঁজে খুঁজে বের করে বিচার প্রক্রিয়া চলতেই থাকবে।আজ সোমবার কানাডার মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে কানাডা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের উদ্দেশে এক ঘণ্টা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের লিখিত কিছু প্রশ্নের জবাবও তাঁর বক্তব্যের মাধ্যমে দেন। প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতার নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে বর্তমান সরকার সচেতন। বিনিয়োগকারীদের জন্য জমি, বিদ্যুত্ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও নতুন নতুন এলাকা শিল্প বিনিয়োগের উপযুক্ত করে প্রস্তুত করা হচ্ছে।’প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গৃহীত সরকারের নানা কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য তাঁর সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব-সংক্রান্ত জটিলতায় নিরসন ঘটানো হয়েছে। তিনি প্লট বরাদ্দের ক্ষেত্রে প্রবাসীদের জন্য কোটা বৃদ্ধির আশ্বাস দেন।সংসদে কথা বলতে দেওয়া হয় না বলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই বছরে তিনি মাত্র পাঁচ দিন সংসদে এসেছেন। এক দিন বাদে প্রতিদিনই তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তিনি বিএনপির নেতৃত্বাধীন সাবেক চারদলীয় জোট সরকারের সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশে লুটপাটতন্ত্র, জঙ্গিবাদ ও অরাজকতা ছড়িয়ে দিয়েছিল। তিনি অভিযোগ করেন, তাঁরা সংসদে জনগণের কথা বলতে আসেন না। কিন্তু সংসদীয় কমিটির বৈঠকে আর বিদেশে ভ্রমণের জন্য তদবির করতে আসেন। দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে যখন খাদ্যদ্রব্যের দাম বেশি সেখানে আমরা অসহায়। বিদেশ থেকে ৫২ টাকা কেজিতে চাল কিনে ওএমএস আমরা ২৪ টাকা দরে বিক্রি করি।’ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদালতের বিষয় ছিল। আমরা আদালতের বাইরে কিছু করতে পারি না।’কানাডায় আশ্রয় নেওয়া বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কানাডা বিশ্বের খুনিদের অভয়ারণ্য হতে পারে না।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে সাত দিনের ব্যক্তিগত সফরে কানাডা যান।