খুঁজে খুঁজে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারি সকালে বিদ্রোহ শুরু হওয়ার পর দরবার হলের টয়লেটে আশ্রয় নিয়ে বেঁচে গিয়েছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা। এক সময় সেখান থেকে জানালা ভেঙে বের হয়ে হলের পেছনে বড় ডেকচি রাখার স্থানে আশ্রয় নেন তারা। কিন্তু মৃত্যুই যেন তাদের কপালে লেখা ছিল। ঘাতকেরা ঠিকই খুঁজে বের করে নৃশংসভাবে হত্যা করে এসব সেনা কর্মকর্তাকে।বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সেনা তদন্ত আদালতের অনুসন্ধানে উদ্ঘাটিত হয় এরকম কয়েকটি হত্যার ঘটনা।বেলা আনুমানিক সাড়ে ১২টায় ডেকচি রাখার জায়গাটিতে হাজির হয় অস্ত্রধারী দুই বিদ্রোহী সৈনিক। তারা সেখানে লুকিয়ে থাকা তিনজন কর্মকর্তাকে দেখে ফেলে এবং ‘তুই কে রে’ বলেই গুলি শুরু করে। তারা প্রথমে কর্নেল রেজা ও আরেক কর্নেলকে (যাঁর নাম জানা যায়নি) গুলি করে। তারপর গুলি করা হয় কর্নেল আরেফিনকে। কর্নেল রেজা ‘আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ’ বলে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর রক্তের স্রোত গিয়ে পড়ছিল একটু দূরেই লুকিয়ে থাকা মেজর ইকবালের গায়ে। ইকবালকে বিদ্রোহীরা দেখতে পায়নি। বিডিআর সৈনিকদের একজন চলে যেতে উদ্যত হয়ে সঙ্গীকে বলে, ‘সুমন, তাড়াতাড়ি আয়।’ সুমন বলে, ‘আরও কেউ আছে মনে হয়।’ সে বড় একটি পাতিল ধাক্কা দিয়ে লে. কর্নেল সাজ্জাদকে দেখতে পায় এবং তার মাথায় গুলি করে। কর্নেল আফতাবুল ইসলাম ও মেজর ইকবাল হাসান সেখানেই পাশাপাশি ছিলেন এবং তখনকার মতো বেঁচে যান।এদিকে দরবার হলের পেছনে নর্দমার ভেতর লুকিয়ে ছিলেন মেজর সৈয়দ মনিরুল আলম। পাশেই পড়ে থাকা পরিত্যক্ত মাদুর (ম্যাট) দিয়ে নিজেকে ঢেকে রাখেন তিনি। আনুমানিক সাড়ে ১২টার দিকে ম্যাটের ছিদ্র দিয়ে মনির দেখেন, দুই সশস্ত্র সৈনিক কেউ লুকিয়ে আছে কী না তা খুঁজতে এসেছে। নর্দমার কাছেই ছিল পাশাপাশি দুটি কক্ষ। সৈনিকদের একজন দরজা ভেতর থেকে আটকে রাখা দেখে দরজা খুলতে বলে। ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে গুলি করার হুমকি দিলে জবাব আসে, ‘আমি রাজশাহী সেক্টর কমান্ডার, আপনারা কী চান?’ সৈনিক দুইজন তাঁকে বলে, ‘আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি।’ কক্ষ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তাকে গুলি করা হয়। তাঁর শরীর গিয়ে নর্দমার ওপর পড়ে। মেজর মনির ম্যাটের ভেতর থেকে ছিদ্র দিয়ে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এমদাদের মাথার একপাশ এবং ঘড়িসহ একটি হাত দেখতে পাচ্ছিলেন। ওই কক্ষে লুকিয়ে থাকা আরও এক কর্মকর্তাকে ওই সময় বের করে মেরে ফেলা হয়। এরপর দুই ঘাতকের একজন নর্দমা ও ম্যানহোলগুলো খুঁজে দেখতে বলে শুনতে পান মেজর মনির। পরে তারা আরেকটি কক্ষ থেকে আরও দু-তিনজন কর্মকর্তাকে বের করে হত্যা করে। এ সময় বাইরে মাইকে উত্তেজনামূলক কথাবার্তা বলে সৈনিকদের উস্কে দেওয়া হচ্ছিল।