খুঁটি আছে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া প্রধানপাড়া গ্রাম ২৪ বছর আগে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল। এখন বিদ্যুৎ নেই এ গ্রামে। কিন্তু খুঁটিগুলো আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ গ্রামে ১৯৮৪ সালের ৬ মার্চ বিদ্যুৎ সুবিধা সম্প্র্রসারণ করে। কিন্তু কী এক অজ্ঞাত কারণে ১৯৮৭ সালে মোট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। গ্রামটিতে গিয়ে দেখা যায়, দারাজউদ্দিনের বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে আছে। গ্রামের বিভিন্ন স্থানে এমন অনেক খুঁটি দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৯৮৪ সালে গ্রামের প্রায় ৫০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়। কিন্তু ১৯৮৭ সালে কোনো কারণ ছাড়াই পিডিপি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে গ্রামটি তারপর থেকে অন্ধকারে। গ্রামের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের লাইন চলে গেছে। অন্য গ্রাম আলোকিত করেছে। কিন্তু এ গ্রামটি অন্ধকারে। ১৯৯০ সালের দিকে গ্রামটি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে চলে যায়। সমিতির লোকজন লাইন খুলে নিয়ে যায়। লাইন খুলে নেওয়ার সময় তারা বলেছিল নতুন লাইন দেবে। কিন্তু আর দেওয়া হয়নি।গ্রামের ইসমাঈল হোসেন, পুরোনো বিদ্যুৎ বিল দেখিয়ে বলেন, ‘তাঁর হিসাব নম্বর ৮২২/এ। কী কারণে লাইন বন্ধ করে দিল বলতে পারছি না। ভোট এলে সবাই কথা দেয় বিদ্যুতের ব্যবস্থা করে দেবে। ভোট চলে গেলে আর কারও মনে থাকে না।’কৃষক সলিমউদ্দিন (৩৫) বলেন, ‘মুই একটা ধান কুটা মিলা দিবা চাহেচু। কিন্তু কারেন না থাকায় দিবা পারু না।’ছাত্র হায়দার আলী বলেন, ‘গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলে বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারতাম। একদিকে গরম অন্যদিকে কুপি বাতি আর হারিকেনের আলোয় পড়াশোনা করতে ভীষণ কষ্ট হয়।’ পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসের ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমান বলেন, উত্তর প্রধানপাড়া গ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে কি না বলতে পারছি না। তবে সমিতি পর্যায়ক্রমে সব গ্রামে বিদ্যুৎ সুবিধা সম্প্র্রসারণে কাজ করছে। তবুও বিষয়টি তিনি খোঁজখবর নেবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পঞ্চগড় অফিসের প্রকৌশলী অরুণাংশু সেন বলেন, উত্তর প্রধানপাড়া গ্রামের লাইন ১৯৯০ সালের দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করেছি। পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে বিদ্যুৎ লাইন দেওয়ার কথা।