খুঁটি আছে লাইন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ খুঁটি ও বাঁশে ঝোলানো বৈদ্যুতিক তারগুলো পরিবর্তনের জন্য নতুন খুঁটি স্থাপন করা হয়। কিন্তু খুঁটিগুলো স্থাপনের চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিদ্যুতিক লাইনগুলো পুরোনো ঝুঁকিপূর্ণ খুঁটির সঙ্গেই টানানো আছে। নতুন খুঁটিগুলোতে আর বিদ্যুতিক লাইনগুলো টানানো হয়নি।সরেজমিনে দেখা গেছে, কোথাও জরাজীর্ণ পুরোনো খুঁটি, কোথাও বাঁশ আবার কোথাও একেবারেই ঝুলন্ত অবস্থায় রয়েছে বৈদ্যুতিক তারগুলো। এ অবস্থা বিশ্বনাথের ছয়টি গ্রামের। যেকোনো সময় বৈদ্যুতের খুঁটি ভেঙে কিংবা লাইন ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম, জায়গিরদারপাড়া, রাঘবপুর, একাভিম, ধীতপুর ও ইকবালপুর গ্রামের প্রায় ৬০০ গ্রাহক এ ভোগান্তির মধ্যে রয়েছেন। এলাকাবাসী বিদ্যুত্ অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এর কোনো সুরাহা করতে পারেনি। পশ্চিম শ্বাসরাম গ্রামের আপ্তর আলী বলেন, ‘আমাদের সমস্যার কথা বারবার কর্তৃপক্ষকে বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে আমরা মারাত্মক সমস্যায় আছি।’ পল্লীবিদ্যুত্ জোনাল অফিস ওসমানীনগরের ডিজিএম এস এস হাসনাত হাসান বলেন, ‘নবায়নের জন্য লাইন টানানো যাচ্ছে না। তবে লাইন টানার কাজ প্রক্রিয়াধীন। আমরা আশাবাদী, শিগগিরই এর কাজ শুরু হবে।’