খুঁটি-তার জুটলেও আজও বিদ্যুৎ জোটেনি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আটটি গ্রামে আজও বিদ্যুতের সংযোগ লাগেনি। বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত এখানে খুঁটি আর তার টানানো হলেও এরপর আর কাজ এগোয়নি। শ্রীমঙ্গলের বিদ্যুৎহীন এ আটটি গ্রাম হলো: ফুসকুরি চা বাগান, পূর্ব মাজদিঘি, রাজপাড়া, শাসন, দেবীপুর, লৈয়ারকুল, নয়াবড়ী, ভুজপুর। এ এলাকায় রয়েছে একটি পোলট্রি ফার্ম, দুটি সেচপাম্প ও দুটি চালের কল। কিন্তু বিদ্যুতের সংযোগ না পাওয়ায় এগুলোও বন্ধ রয়েছে। সরেজমিনে রাজপাড়া, শাসন, দেবীপুর, রাধানগর, লইয়ারকুল, দক্ষিণ ভাড়াউড়া ঘুরে দেখা গেছে, এসব গ্রামের কোনো কোনো অংশে খুঁটি পুঁতে রাখা হয়েছে। কোথাও বা লাইন টানা হয়েছে। কিন্তু কোনো গ্রাহককে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি।রাজপাড়া গ্রামের আবদুর রহমান, আবদুল খালিক, মো. জহুর মিয়াসহ আরও কয়েকজন গ্রামবাসী জানান, বিএনপি জোট সরকারের শেষ দিকে বিদ্যুতের লাইন টানা হয়েছিল। লাইন টানার আগেই সমিতির সদস্যরা (সংযোগ নিতে আগ্রহী ব্যক্তিরা) বাড়ির ওয়্যারিং করিয়েছেন। সমিতির কার্যালয়ে তাঁদের অনেকেই কয়েকবার ধরনা দিয়েছেন। কিন্তু আজও তাঁরা বিদ্যুৎ পাননি।দক্ষিণ ভাড়াউড়া গ্রামের একটি দুগ্ধ খামারের মালিক মো. কুতুব উদ্দিন বলেন, ‘গরুর খামারের জন্য বিদ্যুৎ দরকার। সমিতির অনুমোদিত ইলেক্ট্রিক মিস্ত্রি দিয়ে ওয়্যারিং করিয়েছি। বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য সমিতির নিয়মানুযায়ী টাকাও জমা দিয়েছি। কিন্তু ছয় মাস হয়ে গেল বিদ্যুৎ পাইনি।’শ্রীমঙ্গলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সদস্যসেবা বিভাগ সূত্রে জানা যায়, ২০০১-২০০২ অর্থবছর থেকে ২০০৫-২০০৬ অর্থবছর পর্যন্ত সমিতির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার ৭৩টি গ্রামে বিদ্যুতায়নের জন্য ১২৭ দশমিক ৪৯ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গলের আট গ্রামের জন্য নয় দশমিক ১৮ কিলোমিটার, মৌলভীবাজার সদর উপজেলার ১৫ গ্রামের জন্য ২৮ দশমিক ১৫ কিলোমিটার, রাজনগরের ১৩ গ্রামের জন্য ২২ দশমিক ৮৪ কিলোমিটার, কুলাউড়ার ২৯ গ্রামের জন্য ৩৩ দশমিক ৬১ কিলোমিটার, কমলগঞ্জের পাঁচ গ্রামের জন্য ১০ দশমিক ২১ কিলোমিটার এবং বড়লেখার তিন গ্রামের জন্য চার দশমিক ৮০ কিলোমিটার লাইন টানা হয়েছে। এ ছাড়াও উল্লিখিত ছয় উপজেলায় আরও ১৯ কিলোমিটার এলাকায় শুধু খুঁটি বসানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এর মধ্যে ২০০৯ সালের ১০ অক্টোবর কমলগঞ্জ উপজেলার জামিরকোনা গ্রামে ৫৪টি ও কুলাউড়া উপজেলার কর্মদা গ্রামের ট্রাটিউলি অংশে ১৩৬টি এবং চলতি বছর জানুয়ারিতে শ্রীমঙ্গলে দুটি গ্রামে ৬১টি সংযোগ দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির একজন উপসহকারী প্রকৌশলী জানান, ক্ষমতাসীন দলের চাপে রাজনৈতিক বিবেচনায় এসব নতুন লাইন টানা হয়েছিল। এক কিলোমিটার নতুন লাইন টানতে খুঁটি, তার ও শ্রমিকদের মজুরিসহ খরচ হয় কমপক্ষে ১২ লাখ টাকা। সেই হিসাবে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত নতুন লাইন নির্মাণ বাবদ সমিতির খরচ হয়েছে ১৫ কোটি ২৪ লাখ টাকারও বেশি। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) বিপ্লব চন্দ্র সরকার বলেন, এসব এলাকায় বিদ্যুৎ না দিতে পারার প্রধান সমস্যা ট্রান্সফরমার। নতুন লাইনে সংযোগ দেওয়ার জন্য ২৫ কেবিএ, ৫০ কেবিএ ও সাড়ে ৩৭ কেবিএ ট্রান্সফরমার বেশি প্রয়োজন। ২৫ কেবিএ একটি ট্রান্সফরমারের দাম কমপক্ষে সাড়ে ৮৯ হাজার টাকা, ৩৭ কেবিএর মূল্য এক লাখ ২১ হাজার টাকা, ৫০ কেবিএর মূল্য এক লাখ ৫৪ হাজার টাকা। সবমিলিয়ে ৩১৯টি ট্রান্সফরমারের প্রয়োজন, যা সমিতির পক্ষে এই মুহূর্তে কেনা সম্ভব নয়।সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) রামপ্রসাদ ঘোষ বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত্ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে ট্রান্সফরমার, মিটারসহ অন্য সরঞ্জামাদি সমিতির চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়নি। এ কারণে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাবিবুর রহমান আখন্দ বলেন, সরকারিভাবে এখনো কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি। তাই আরইবির মাধ্যমে কোনো বৈদ্যুতিক সরঞ্জামাদি পাওয়া যাচ্ছে না। সমিতির নিজস্ব তহবিল থেকে সবকিছুই কিনতে হচ্ছে। এত দিন পিডিবি থেকে তিন টাকা ১২ পয়সা (সিস্টেম লসসহ) দরে বিদ্যুৎ কিনে দুই টাকা ৫৩ পয়সায় বিক্রি করতে হয়েছে। এতে প্রতি মাসে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি গড়ে ৭০ লাখ টাকা লোকসান দিয়েছে। সম্প্রতি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। এখন এই লোকসান কাটিয়ে উঠে ট্রান্সফরমার কিনে নতুন সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কিছু গ্রাহককে সংযোগও দেওয়া হয়েছে।