খুঁটি নিয়ে খুনসুটি...
তার নেই, আছে বিদ্যুতের খুঁটি। ঠায় দাঁড়িয়ে আছে জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি, আলমনগর, বিলের বন্দ ও নরসিংহপুর নামক স্থানে। গত বিএনপি ও জামায়াত সরকারের আমলের শেষ দিকে তড়িঘড়ি করে শতাধিক খুঁটি পোতা হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও এসব এলাকায় এখনো বিদ্যুৎসংযোগ দেওয়া তো দূরের কথা, বৈদ্যুতিক তারও লাগানো হয়নি। শুধু খুঁটি দেখে আশায় দিন গুনছেন এলাকাবাসী। এলাকাবাসীর এ আশা কবে বাস্তবে রূপ নেবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এলাকাবাসী অভিযোগ করেন, ২০০৫ সালের দিকে বিএনপি চেয়ারপারসনের তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর আস্থাভাজন বর্তমান পৌর মেয়র ইকবাল আহমদ শহরের বিভিন্ন এলাকায় খুঁটি পুঁতেছেন। পৌর নির্বাচনে নির্বাচিত হওয়ার আশায় তখন তিনি এসব কর্মকাণ্ড করে জনগণের সমীহ আদায় করার চেষ্টা করেছিলেন। দীর্ঘদিন খুঁটিগুলো এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বর্তমানে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আতিকুর রহমান চৌধুরী (২৬) বলেন, ‘বিদ্যুতের লাগি কয়েকবার টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ আসেনি।’ জকিগঞ্জ বাজারের মাংস বিক্রেতা মো. স্বপন আহমদের বাড়ি মাইজকান্দি এলাকায়। তিনি বলেন, ‘পাঁচ বছর ধইরা খুঁটি আছে, লাইন নাই।’ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মাইজকান্দি এলাকায় এক কিলোমিটারব্যাপী প্রায় ১৫টি খুঁটি পুঁতা হয়েছিল। অজ্ঞাত কারণে এর পর আর এসব খুঁটিতে লাইন টানানো হয়নি।কৃষিজীবী বেলাল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দেওয়ার নাম করে খুঁটি পোতা হয়েছে। পরে আর বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। এসব শুধু ভোটের রাজনীতি। মেয়র নির্বাচনের আগ মুহূর্তে বর্তমান মেয়র ইকবাল আহমদ বিএনপির তৎকালীন প্রভাবশালী জাতীয় নেতা হারিছ চৌধুরীর মাধ্যমে এসব করেছিলেন।’ একটি বাসের হ্যান্ডিম্যান রফিকুল ইসলাম (২৫) বলেন, ‘মনে হচ্ছে খুঁটিগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছিল।’ জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের নির্মাণ পরিচালনা রক্ষণাবেক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে শুধু খুঁটির টেন্ডার হয়েছিল। আনুষঙ্গিক উপকরণের টেন্ডার হয়নি। ফলে তার-ট্রান্সফরমারবিহীন খুঁটি বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। এসব খুঁটি দীর্ঘদিন পড়ে আছে। এই সমস্যা সমাধান এখন একমাত্র মন্ত্রণালয় করতে পারবে। তা ছাড়া পৌর এলাকার যেসব স্থানে বিদ্যুৎ নেই, সেটিও দেখভাল করবে মন্ত্রণালয়।’