খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মওলানা ভাসানী ডিগ্রি কলেজ। কলেজটি শহরের মধ্যে অবস্থিত হলেও আধুনিক সভ্যতার কোনো নিদর্শনই এখানে নেই। নেই প্রয়োজনীয় শ্রেণী কক্ষ। শিক্ষার্থীদের কথা বাদ দিলেও অধ্যক্ষ আর শিক্ষকেরাও বসেন ঠাসাঠাসি করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটিতে সরকারিভাবে কোনো অবকাঠামো তৈরি হয়নি। সিরাজগঞ্জ সদরে মওলানা ভাসানীর অনুসারী শিক্ষানুরাগীরা ১৯৯৪ সালে শহরের প্রাণকেন্দ্রে মুজিব সড়কে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পুরোনো একটি ভবনে পাঠদান শুরু করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটির জন্য পুরোনো ভবনটি দাঁড়িয়ে ছিল যে খাস জমির ওপর, তা ৯৯ বছরের জন্য কলেজের নামে বন্দোবস্ত দেওয়া হয়। মূল পুরাতন ভবন ধসে যাওয়ায় সেখানে এলাকার লোকজনের সহায়তায় টিনশেড ঘর তুলে পাঠদান চলতে থাকে। কলেজটিতে সে সময় চর এলাকার ছেলেমেয়েই বেশি ছিল। তারা বঙ্গবন্ধু সেতুটির নির্মাণকাজ চলার সময় সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কলেজের জন্য একটি ভবন নির্মাণের আবেদন জানায়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য একটি একতলা ভবন করে দেয়। এ ভবনই এখন কলেজের একমাত্র ভরসা। এখানেই চলে অফিস ও ক্লাসরুমের কাজ।এই ভবনে রয়েছে নয়টি কক্ষ। কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার ৪০০। নয় কক্ষের মধ্যে আরও দুটি কক্ষ ব্যবহার করা হচ্ছে অধ্যক্ষ এবং শিক্ষকদের কার্যালয় হিসেবে। প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য নেই কোনো কক্ষ। ঠাসাঠাসি করে চলছে সবকিছু। মেয়েদের জন্য নেই কমন রুম। একটি বিজ্ঞানাগার থাকলেও তা ছোট হওয়ায় ছাত্রছাত্রীরা একসঙ্গে ঢুকতে পারে না। তার পরও রয়েছে আসবাবপত্রের সমস্যা। খেলাধুলার মাঠ নেই, অডিটরিয়াম নেই। কলেজে কোনো অনুষ্ঠানই জায়গার অভাবে করা সম্ভব হয় না। অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, ‘বহু সমস্যায় জর্জরিত কলেজটি। এটির অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন স্থানে আবেদন করেছি। অনেক তদবির করেও কোনো লাভ হয়নি। অথচ সিরাজগঞ্জে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই উন্নয়নমূলক কাজ হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, তাতে ভবিষ্যতে তাদের বসতে দেওয়া কঠিন হয়ে পড়বে। এখানে সন্মান কোর্স চালু করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট বিভাগের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বলেন, ‘কলেজের সমস্যার বিষয়গুলো উল্লেখ করে শিক্ষামন্ত্রী বরাবর জানানো হয়েছে। সবেমাত্র এ বছরেই সভাপতির দায়িত্ব নিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই সমস্যা নিরসনের ব্যবস্থা করা হবে।’