খুচরা বাজারে এখনো উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধান কাটার ধুম লেগেছে সারা দেশে। আবারও বাম্পার ফলনের আশা। কৃষকের মুখে হাসি। হাওরের মতো বাম্পার ফলন সারা দেশেই হবে বলে আশা করছেন কৃষকেরা। ভালো খবর আসছে আন্তর্জাতিক বাজার থেকেও। সারা বিশ্বে চাল ও চিনির দাম কমতে শুরু করেছে।দেশের বাজারের চিত্র সেই আগের মতোই। বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ে সঙ্গে সঙ্গে। কিন্তু দাম কমলে সেই খবর যেন রাখেন না ব্যবসায়ীরা। বিশেষ করে, খুচরা পর্যায়ে দাম কমার লক্ষণ সহজে দেখা যায় না।দেশের হাটগুলোতে ধান ও মোকামে চালের দর প্রতিদিনই কমছে, কিন্তু খুচরা বাজারে চালের দর আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। দেশে এখন মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। আর মূল্যস্ফীতির এই চাপের বড় কারণ চালসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। মূল্যস্ফীতির এই চাপ কমিয়ে সীমিত আয়ের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার এখনই সুযোগ। কিন্তু আন্তর্জাতিক ও পাইকারি বাজারে দাম কমার সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা।কেবল চালই নয়, আন্তর্জাতিক বাজারে চিনির দরও গত এক মাসে কমেছে ৭ শতাংশ। আর দেশের বাজারে গত এক সপ্তাহে প্রতি কেজি চিনির দাম বেড়েছে সোয়া ৮ শতাংশ।বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ধান-চালের দাম এখনো অযৌক্তিক অবস্থায় আছে। দাম আরও কিছুটা কমা উচিত। তবে খেয়াল রাখতে হবে, যাতে ধানের দর বেশি না কমে। কৃষক ক্ষতিগ্রস্ত হবেন—এমন আশঙ্কা দেখা দিলে সরকারের দ্রুত ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করতে হবে বলেও তিনি পরামর্শ দেন।বিশ্ববাজারের চিত্র: ৫ মে প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত আট মাস দাম বাড়ার পর গত মার্চে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছিল। পরের মাসে দাম স্থিতিশীল আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে ভুট্টা ও গমের দাম কিছুটা বেড়েছে, তবে চিনি ও চালের দাম কিছুটা কমেছে। ফলে সামগ্রিকভাবে দর স্থিতিশীল থেকেছে।এফএও প্রকাশিত ফুড প্রাইস ইনডেক্স মে-২০১১ নামের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডলার ও জ্বালানি তেলের দাম বাড়ায় বেশ কিছু পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছিল। তবে চলতি সপ্তাহে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জ্বালানি তেলের দাম আবারও কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১৪ থেকে কমে ১০৯ ডলারে দাঁড়িয়েছে।চলতি মাসে বেশ কিছু পণ্যের দাম ও পরিবহন খরচ কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে খাদ্যের দর পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো। বড় ধরনের দুর্যোগ না হলে বিশ্ববাজারে খাদ্যের দর স্থিতিশীল থাকবে বলেও আশা করছে এফএও।পাইকারিতে কমেছে, খুচরায় কমেনি: দেশের চালের পাইকারি বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ধান-চালের দর প্রতি সপ্তাহেই কমছে। গত মাসের মাঝামাঝি সময় থেকে হাওর এলাকায় বোরো ধান কাটা হচ্ছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়ও ধান কাটা শুরু হয়েছে। বেশির ভাগ জেলা থেকে খবর আসছে, এবার ধানের উৎপাদন যথেষ্ট ভালো। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে দেশের সব জেলায় একযোগে ধান কাটা শুরু হবে, কিন্তু এসবের প্রভাব নেই খুচরা বাজারে।দেশে চালের প্রধান জোগানদার এলাকা উত্তরাঞ্চলের হাটগুলোতে নতুন ধান ওঠা শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম প্রতি মণে কমপক্ষে ১০০ টাকা কমেছে। চালের দর কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত কমেছে। চালকল মালিক ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ধান-চালের সরবরাহ বাড়বে। তখন দাম আরও কমে আসবে।দেশে চাল ক্রয়-বিক্রয়ের অন্যতম প্রধান বাজার নওগাঁর ধান-চাল আড়তদার মালিক সমিতির সভাপতি নীরদ বরণ সাহা প্রথম আলোকে জানান, হাটগুলোতে অল্প অল্প করে নতুন চাল আসছে। এতেই প্রতি মণ ধানের দাম ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি মণ মিনিকেট ধানের দর ৭২০ টাকায় নেমে এসেছে। আর প্রতি মণ মিনিকেট চাল এক হাজার ৫৫০ থেকে কমে এক হাজার ৪২০ টাকা হয়েছে।দেশের চালকল মালিকদের প্রধান সংগঠন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি লায়েক আলী বলেন, উত্তরাঞ্চলের বেশির ভাগ হাটে ধান-চালের দর প্রতিদিনই কমছে। গত দুই সপ্তাহের ব্যবধানে মোটা চালের ধানের দর ৮০০ থেকে কমে ৬০০ টাকায় নেমে এসেছে। প্রতি কেজি চালের দর ৩২ থেকে কমে ২৭-২৮ টাকায় বিক্রি হচ্ছে।খাদ্যসচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার পাইকারি বাজারে ধান-চালের দাম পর্যবেক্ষণ করছে। কৃষক ও ভোক্তা উভয়ের কথা বিবেচনা করে সরকার সংগ্রহ মূল্য ও সংগ্রহের সময় নির্ধারণ করবে। চলতি মাসেই এ ব্যাপারে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা হবে। সেখানে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।বোরোতে বাম্পার ফলনের আশাকৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বোরো মৌসুমে এক কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে হাওর এলাকায় ১০ শতাংশ ফসল হয়। সিলেট ও হাওর এলাকায় এবার আগাম বন্যা না হওয়ায় বেশির ভাগ ধানই অক্ষত রয়েছে। ফলে এ বছর বোরোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক কোটি ৯১ লাখ টন চাল হবে বলে আশা করছে কৃষি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছর প্রতি কেজি চাল উৎপাদনে ২৩ থেকে ২৪ টাকা খরচ পড়েছে। বাজারে প্রতি কেজি চালের দর এখনো ২৮ থেকে ৩০ টাকার মধ্যে রয়েছে। ফলে দাম আরও কিছুটা কমে এলেও কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।সরকার দ্রুত ধান-চাল কেনা শুরু করলে দর অস্বাভাবিকভাবে কমতে শুরু করবে, এই আশঙ্কা প্রকাশ করে লায়েক আলী বলেন, গত বছর ধানের দর প্রতি মণ ৩০০ টাকায় নেমে এসেছিল। এতে কৃষকের উৎপাদন খরচ উঠবে কি না, সেই আশঙ্কা দেখা দিয়েছিল। ফলে সরকারের উচিত কৃষকের স্বার্থের কথা চিন্তা করে দ্রুত ধান-চালের সংগ্রহ শুরু করা।চিনির দর বাড়ছে অযথাই: আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনির দরই গত মার্চ থেকে কমতে শুরু করেছে। কিন্তু দেশে চিনির দর বাড়ছেই। ভারত চিনি রপ্তানির ঘোষণা দেওয়ায় এই দর সামনের দিনে আরও কমবে বলে ধারণা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।সম্প্রতি দেশের বেশ কয়েকজন আমদানিকারক ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি আমদানি করেছেন। পরিবহন খরচসহ প্রতি টন চিনির দর পড়েছে ৬৯০ ডলার। গত জানুয়ারিতে প্রতি টন চিনির দর ছিল ৮০০ থেকে ৮৫০ ডলার।আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ায় চিনির দর আরও কমবে বলে এফএও ও সুগার অনলাইনের পর্যবেক্ষণে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান আন্তর্জাতিক দর অনুযায়ী প্রতি কেজি চিনির দর দাঁড়াচ্ছে ৫৩ টাকা। কিন্তু গত এক মাসে দেশের বাজারে প্রতি কেজি চিনির দর ৫৫ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে।দেশের অন্যতম খাদ্যপণ্য আমদানিকারক আবুল বশর প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি আন্তর্জাতিক বাজার থেকে প্রতি টন চিনি পরিবহন খরচসহ ৬৯০ ডলারে কিনেছেন। পাইকারি বাজারে এই চিনি প্রতি কেজি ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান।