খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ কার্যকর
ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশব্যাপী ধর্মঘট, বনধ-অবরোধের মধ্যেই গতকাল বৃহস্পতিবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।সরকারের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে খুচরা ব্যবসায়ে ৫১ শতাংশ পুঁজি বিনিয়োগ করতে পারবেন বিদেশি শিল্পপতিরা। এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াল মার্টের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ভারতে খুচরা ব্যবসায়ে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে। দিল্লি সূত্রে জানা যায়, ভারতের যে ১০টি রাজ্য খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগে সম্মত আছে, সেসব রাজ্যে আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে এসব রাজ্যের যেসব শহরে এই খুচরা ব্যবসার দোকানপাট খোলার অনুমতি দেওয়া হবে, সেসব শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি হতে হবে। এ খাতে কমপক্ষে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ব্যবসায়ী মহল। বণিকসভা অ্যাসোচেমের মতে, এই পদক্ষেপে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিত্ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়ন উভয় ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কারমুখী পদক্ষেপ।’এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এ ছাড়া বাম দল ও সমাজবাদী পার্টিসহ ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দলও সিদ্ধান্তের বিরোধিতা করে এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছে।