খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ স্থগিত করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে খুচরা ব্যবসা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) স্থগিত করেছে সরকার। নয়াদিল্লিতে আজ বুধবার সকালে সর্বদলীয় এক বৈঠকের পর অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এক বিবৃতিতে এ তথ্য জানান।প্রণব মুখার্জি বিবৃতিতে বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য না হওয়া পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’ তবে বিবৃতিতে কত দিন পর্যন্ত এফডিআই স্থগিত থাকবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।এদিকে নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী ফারুক আবদুল্লাহ জানান, পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার শুরু হবে। এফডিআই ইস্যুতে বিরোধী আইনপ্রণেতাদের বিক্ষোভের মুখে পার্লামেন্টের উভয় কক্ষে কয়েক দিন ধরে অচলাবস্থা বিরাজ করছিল। গত ২৫ নভেম্বর খুচরা ব্যবসায় ৫১ শতাংশ বিদেশি সরাসরি বিনিয়োগের অনুমোদন দেয় সরকার। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল-মার্ট, যুক্তরাজ্যের টেসকো, ফ্রান্সের ক্যারিফোরসহ বিদেশি বহুজাতিক কোম্পানি তাদের ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে সরাসরি বিক্রির অনুমোদন পায়। বর্তমানে বিদেশি এসব কোম্পানি ভারতে তাদের পণ্য পাইকারি হারে বিক্রি করে আসছে। সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ক্ষুদ্র বিক্রেতা, ট্রেড ইউনিয়ন, প্রভাবশালী বিভিন্ন রাজ্যের নেতা এবং সরকারি ও বিরোধী উভয় দলের আইনপ্রণেতারা। ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীরা সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেন। বিষয়টি সমাধানে গত ২৯ নভেম্বর অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সভাপতিত্বে সর্বদলীয় এক বৈঠক হয়। তবে ওই বৈঠকে নেতারা তখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।তবে সরকার দাবি করে আসছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রয়টার্স।