রাষ্ট্রভাষা বাংলা চাই—এই দাবিতে রাজপথে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। তাঁদের হাতে হাতে প্ল্যাকার্ড। ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে বের করা ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর শহীদ ভাইয়ের রক্তাক্ত লাশ সঙ্গে নিয়ে প্রতিবাদমুখর বিশ্ববিদ্যালয় চত্বর।জাতীয় শিশু একাডেমীর মাঠে গতকাল শুক্রবার খুদে আঁকিয়েদের রং-তুলিতে এভাবেই উঠে এসেছে ভাষা আন্দোলন।দেশবরেণ্য শিল্পী কামরুল হাসানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদের আয়োজনে ‘এসো ছবি আঁকি’ শীর্ষক ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোরেরা। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদেরও অংশগ্রহণ ছিল।চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। শিশু-কিশোরদের চিত্রাঙ্কনের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন শিল্পী হাসেম খান, মনিরুজ্জামান ও লায়লা শারমীন।গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, বইমেলায় লেখক-পাঠকের মিলনমেলা, শীতের পিঠা উৎসব, শহীদ মিনার, ঘুড়ি উৎসবসহ অনেক বিষয় উঠে এসেছিল আঁকিয়েদের রং-তুলিতে। অংশগ্রহণকারীদের চারটি বিভাগে ভাগ করে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি বাছাই করবেন বিচারকেরা। এরপর এখান থেকে সেরা ছবি বাছাই করে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।একই স্থানে গতকাল শিল্পী কামরুল হাসানের বাছাই করা শিল্পকর্মের প্রতিলিপি নিয়ে প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পীর দুই শতাধিক শিল্পকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।