খুদে আঁকিয়েদের বৈশাখী অঙ্কন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে পয়লা বৈশাখের আগে নতুন বছরকে স্বাগত জানাতে শিশু শিল্পীরা সবাই কিছু না কিছু এঁকেছে। কেউ ছবি এঁকেছে, কেউ অলংকরণ করেছে সরা, কেউ বা তৈরি করেছে মুখোশ। সব মিলে চার শতাধিক শিল্পকর্ম।এই খুদে শিল্পীরা হচ্ছে রাজধানীর অরণি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী। বর্ণিল রঙে অঙ্কিত শিল্পকর্মে তারা বরণ করেছে বাংলা নববর্ষকে। তাদের এসব শিল্পকর্ম নিয়ে গতকাল শুক্রবার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে দুই দিনব্যাপী বৈশাখী অঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছে। গাঁয়ের পাশে বয়ে যাওয়া শান্ত নদীর বুকে পাল তোলা নৌকা, শহীদ মিনার, ঘাস ও মেঘের দূরত্ব, বৃষ্টির দিনে শিশুদের স্কুলে যাওয়াসহ বিভিন্ন ধরনের ছবি এঁকেছে শিশু শিল্পীরা। একইভাবে তারা নানা রঙে রাঙিয়েছে মুখোশ ও সরা।অরণি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত সুলতানা বললেন, ‘শিশুদের অন্তরে বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ঘটাতে আমরা প্রতিবছরই এ ধরনের আয়োজন করে আসছি। শিশুদের শিল্পপ্রতিভাকে উৎসাহিতও করা হয় এই উৎসবের মাধ্যমে।’লালমাটিয়ার ডি ব্লকে অরণি বিদ্যালয়ের উৎসব আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে।