খুদে গণিতবিদদের চোখে স্বপ্ন আর প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত হলো বিজ্ঞানের ভাষা। গণিত না জানলে বিজ্ঞানে ভালো করা যায় না। গণিতভীতির কারণেই বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। বিজ্ঞানশিক্ষায় দৈন্য দেখা দিয়েছে। খুদে গণিতবিদেরাই পারে ওই সংকট কাটাতে। এ জন্য গণিতকে ভয় নয়, জয় করতে হবে। গতকাল শুক্রবার কুমিল্লায় আয়োজিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবে সব বক্তার কণ্ঠেই ওই সুর বেজে ওঠে। উৎসবকে কেন্দ্র করে কুমিল্লা জিলা স্কুলের মাঠ খুদে গণিতবিদদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে। কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিশিষ্ট গণিতবিদ সুনীল চন্দ্র দাস ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক। এরপর উৎসবের উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতকে জয় করতে হবে। আর গণিত জয়ের মধ্য দিয়ে দেশের সেবা করা সম্ভব।’উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সোয়া ১০টায় উৎসবের মূল আয়োজন গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় শুরু হয় খুদে গণিতবিদদের মজার পর্ব কুইজ ও প্রশ্নোত্তর। এ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এতে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানের নানা ধরনের প্রশ্ন করে। এরপর শুরু হয় রবিকস কিউব প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা জয়ী হয়ে পুরস্কার হিসেবে বই পায়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে।এরপর দুপুর দুইটায় সমাপনী অনুষ্ঠানে খুদে গণিতবিদদের উদ্দেশে বক্তব্য দেন প্রবীণ গণিতবিদ খোদাদাত খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ইব্রাহিম মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, নাইটিঙ্গেল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সালেহ জিল্লুর রহমান, তথ্যপ্রযুক্তি সংস্থা স্পেকট্রামের নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান, সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, কুমিল্লা গণিত উৎসবের আহ্বায়ক সৈয়দ আবদুল কাইয়ুম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা কুমিল্লার খাদি ঘরের প্রদীপ কুমার রাহাকে (কান্তি)। তিনি বলেন, ‘গণিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি নেওয়ার পর কিছুদিন একটি কলেজে শিক্ষকতা করি। কিন্তু শিক্ষকতার চেয়ে খাদি আমাকে বেশি টেনেছে। খাদিশিল্পের বিকাশের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। কুমিল্লার ঐতিহ্য বুকে নিয়েই আমার নিরন্তর সংগ্রাম অব্যাহত আছে। খুদে শিক্ষার্থীদেরও সংগ্রাম করে বড় হতে হবে।’খোদাদাত খান বলেন, ‘যারা গণিতে ভালো, তারা সব সময়ই ভালো। আমরা চাই, খুদে গণিতবিদদের সবাই গণিতের ভুবনে বিচরণ করুক।’ আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষকে জাগাতে হবে। এ দেশটাকে ভালো করতে হবে। স্বপ্ন আর প্রতিজ্ঞা থাকলে সব বাধা জয় করে তোমরা এগিয়ে নিতে পারবে। এক হূদয় আলোকিত হলে সহস্র হূদয় আলোকিত করা সম্ভব।’পরে গণিত অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মেডেল, টি-শার্ট ও সনদপত্র দেওয়া হয়। এরপর গণিত জয়ের গান দিয়ে উৎসবের সমাপ্তি হয়।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এতে সহযোগিতা করেন বন্ধুসভা কুমিল্লার সদস্যরা। উৎসবে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিমের নেতৃত্বে একদল শিক্ষার্থী জাতীয় সংগীত, গণিতের সংগীত ও গণিত জয়ের গান পরিবেশন করে। কুমিল্লা উৎসবে বিজয়ীরা আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।