খুদে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে সাকিব
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তখন স্টেডিয়ামের আবহ! চার দেয়ালের মাঝে ‘সাকিব! সাকিব!’ স্লোগান, কান পাতাই দায়! ঘড়িতে তখন সন্ধ্যা ছয়টার একটু বেশি। সময় যত এগোয়, স্লোগানের জোর ততই বাড়ে। সোয়া ছয়টা বাজতেই স্লোগানের ভিড়ে হাজির হলেন সাকিব আল হাসান। পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত শিশু প্রতিনিধি আর খুদে নির্মাতাদের আনন্দ আর ধরে না। ২৪ জানুয়ারির ওই সন্ধ্যায় এভাবেই শিশুদের সঙ্গে আড্ডা দিতে এলেন সাকিব। উৎসবের পরিচালক মোরশেদুল ইসলাম তাঁকে নিয়ে উঠলেন মঞ্চে। ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষেই প্রিয় ক্রিকেটারকে পেয়ে বসল প্রায় এক শ শিশু। এদের মধ্যে ৩২ জন ছিল চলচ্চিত্রনির্মাতা। বাকিরা সেখানে আসতে পেরেছিল একটি রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে। সাকিবের হাতে মাউথপিস। শিশুদের প্রশ্ন। যেন শুরু হলো আরেক ব্যাট-বলের খেলা! ‘ভাইয়া, ছেলেবেলায় আপনি কেমন দুষ্টু ছিলেন?’ চেয়ারের ওপর দাঁড়িয়ে প্রশ্নটা ছুড়ে দিল এক শিশু। সাকিবের জবাব, ‘আসলে ছেলেবেলায় তেমন দুষ্টু ছিলাম না, দুষ্টু হয়েছি বড় হয়ে!’ তুমুল হাসি আর হাততালি। আরেকজনের প্রশ্ন, ‘ভাইয়া, ভালো ক্রিকেটার হতে হলে কী করতে হবে?’ সাকিবের পরামর্শ, ‘পরিশ্রম, সততা আর ধৈর্য—এ তিনটি ছাড়া ভালো ক্রিকেটার হওয়া যায় না। আর পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে। পড়াশোনা বাদে খেলাধুলা হয় না।’ এরপর যে আরও কত বিচিত্র প্রশ্নের মুখোমুখি হতে হলো সাকিবকে! ব্যাট করতে নামলেও বুঝি এতটা ঘামতে হয় না তাঁকে! এর মাঝে সবাইকে নিয়ে জাতীয় সংগীতের চার লাইন গাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এভাবেই একসময় প্রশ্নোত্তর পর্ব শেষে ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়ার পালা। তারপর অটোগ্রাফের জন্য শুরু হলো তুমুল লড়াই! সাকিব বললেন, ‘শিশুদের সঙ্গে এভাবে আড্ডা দেওয়া হয়নি এর আগে। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে।’