খুদে বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে ব্যাট-বল কিনে দিয়ে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন নজরুল ইসলাম সাহেব। ছেলে ফিরল রক্তাক্ত হয়ে। প্রতিবেশীদের সঙ্গে নজরুল ইসলামের বিরোধ ছিল। মাত্র পাঁচ বছরের ছেলেটার ওপর সেই বিরোধের ঝাল মেটাল প্রতিবেশীরা। ছেলেটাকে মারল। সুপারিগাছের সঙ্গে ধাক্কা দিয়ে নাক ফাটাল।খেলা জীবনের শুরুতেই দিয়েছে বিভীষিকাময় অভিজ্ঞতা। তাতে ফাহাদ রহমান মাঠ ছাড়লেও খেলা ছাড়েনি। বরং আসল খেলোয়াড় হওয়ার সেই শুরু। মার খেয়ে আসার পর ফাহাদের মা ছেলেকে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নিলেন। খেলাধুলাও হবে ঘরের মধ্যে। ফাহাদের বাবাকে বললেন বাজার থেকে লুডু কিনে আনতে। লুডু কিনতে মধুখালী উপজেলা থেকে নজরুল ইসলাম গেলেন ফরিদপুর বাজারে। দোকানদারকে ১০০ টাকার নোট দিলেন। ভাংতি নেই, ভাংতি আনতে গেলেন আরেক দোকানে। সেখানে পড়ে থাকা একটা পত্রিকায় দেখলেন, বিশ্বনাথন আনন্দ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সাড়ে তিন কোটি রুপি জিতেছেন। দাবা এত বড় খেলা—প্রথম জানলেন নজরুল ইসলাম। ছেলেকে তাহলে আর লুডু কিনে দেওয়া কেন? ৩৫ টাকা দিয়ে একটা দাবার বোর্ড কিনে মধুখালী ফিরলেন নজরুল ইসলাম।বাবা দাবার বোর্ড কিনে আনলেও ঘরে দাবা খেলতে পারত না কেউ। দাবার জ্ঞান বলতে নজরুল ইসলামের কিছু ঘুঁটি চেনা। ‘ফাহাদ এর আগে কোনো দিন দাবার ঘর দেখেনি। আমি কোনো রকম ঘুঁটিগুলো চিনতাম। তিন মাস পর দেখলাম, ছেলেটা ভালোই খেলছে’—নজরুল ইসলাম বলছিলেন ফাহাদের দাবায় হাতেখড়ির কথা।ভাববেন না ফাহাদের প্রথম কোচ বাবা নজরুল ইসলামই। এই কৃতিত্ব একটা মোবাইল সেটের। ফাহাদ বলছিল, ‘আমাদের একটা মোবাইলে দাবার গেম ছিল। গেমে একটা ঘুঁটি কোন কোন ঘরে দেওয়া যাবে সেটা বলে দিত। দাবা খেলা প্রথম শিখলাম ওই স্যামসাং মোবাইলটা দিয়ে।’২০০৮ সালে প্রথম দাবা শেখার মাত্র তিন মাসের মধ্যে ফরিদপুরে অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। এর পর ঢাকা অঞ্চল হয়ে জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন। ২০১১ সালে মাত্র আট বছর বয়সেই জিতেছে অনূর্ধ্ব-১৪ জাতীয় সাব জুনিয়র দাবা। ষষ্ঠ জুনিয়র দাবাতেও। এখন পর্যন্ত বিশ্বরেকর্ড করেছে দুটি। সবচেয়ে কম বয়সে রেটেড খেলোয়াড় (সাত বছর ১১ মাস) ও সাব জুনিয়র চ্যাম্পিয়ন (আট বছর ২ মাস ২৯ দিন) হওয়ার রেকর্ড। আজ থেকে শ্রীলঙ্কায় শুরু এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলে সবচেয়ে কম বয়সী ফিদে মাস্টারও হয়ে যাবে ফাহাদ।গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্র ফাহাদ এই বয়সেই পরিবারকে দিচ্ছে নির্ভরতা। ছেলের প্রতিভা তার স্কুলেই শিক্ষকতার চাকরি দিয়েছে বাবাকে। বড় এক বোন আর এক ভাইও এই স্কুলে পড়ে। ফাহাদের দাবা প্রতিভার সৌজন্যেই মধুখালীর কষ্টের জীবন ছেড়ে আজ পুরো পরিবার ঢাকার বাসিন্দা। স্কুলের গভর্নিং বডির প্রধান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছায়ার মতো আগলে রেখেছেন ফাহাদ আর তার পরিবারকে। সেই সঙ্গে জেমকন গ্রুপের সহায়তা তাদের বড় শক্তি।ফাহাদের প্রতিভাকে পুঁজি করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টাও কম হয়নি। মধুখালী গিয়ে দেশের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী ফাহাদের বাকি জীবনের সব দায়-দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে এসেছিলেন একবার। পত্রপত্রিকায় সেটা ফলাও করে প্রচার হয়েছে। যদিও সে দিনের পর ওই ব্যবসায়ীর টিকিটিরও নাগাল পাননি ফাহাদের বাবা।ফাহাদের কচি মনের সঙ্গে একই রকম প্রতারণা করেছেন স্থানীয় এক রাজনীতিবিদ। ফরিদপুরের এক সিনিয়র দাবাড়ুকে হারানোর পর ফাহাদকে ৫০০ টাকা পুরস্কার দিয়ে তিনি বলেছিলেন, নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ছোট্ট ফাহাদ রাজনীতি বোঝে না। ভোটের দিন মায়ের পায়ে ধরে ওই রাজনীতিবিদের জন্য ভোট চেয়ে বলেছে, ‘মা, উনি বলেছেন আমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন। তাঁকেই ভোট দিয়ো।’ ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হলেও সন্তানের অনুরোধ ফেলেননি মা। কিন্তু (কূট) রাজনীতির কাছে পরাজিত ফাহাদের সারল্য, মায়ের স্নেহ। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দূরের কথা, সাংসদ হয়ে যাওয়ার পর ওই রাজনীতিবিদই এখন অমাবস্যার চাঁদ। ফাহাদের তাতে একটুও রাগ নেই, ‘আমার খেলার দরকার খেলে যাই। এসব নিয়ে ভাবলে খেলায় উন্নতি করতে পারব না।’ব্যবসায়ী-রাজনীতিবিদদের নিয়ে ভাবার চেয়ে ফাহাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ দাবাড়ুরা। ভ্লাদিমির ক্রামনিক, গ্যারি কাসপারভ, ববি ফিশারদের মতো বড় বড় দাবাড়ুর শ দেড়েক বই তার মুখস্থ। পড়ার টেবিলের সামনে টাঙানো বিশ্বের শীর্ষ ৫০ দাবাড়ুর তালিকা। সেই তালিকার নিচে লেখা, ‘এসজিএমদের ফাঁদে ফেলা অত সহজ নয়।’ কী এর তাৎপর্য? ‘এসজিএম মানে সুপার জিএম। তাদের হারানো অত সহজ নয়। লেখাটা আব্বু লিখে দিয়েছেন, যেন আমি জিনিসটা মাথায় রাখি। কীভাবে তাদের ফাঁদে ফেলা যায়, সে ধরনের চিন্তা করি’—বলছিল ফাহাদ।ফাহাদের বাবা বিশ্বনাথন আনন্দকে ফাঁদে ফেলার ঘোষণাও দিয়ে দিলেন প্রায়, ‘আমাদের যদি খাবারের চিন্তা না থাকে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ২০১৩ সালের মধ্যে ফাহাদ আনন্দকে হারিয়ে দেবে।’ পারবে? পাশে বসে থাকা ফাহাদ মাথা নাড়ে...পারবে। অস্ফুট স্বরে বলল, ‘আমি আনন্দের মতো হতে চাই, আনন্দকে হারাতে চাই।’ তারেক মাহমুদ