খুদে শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ভালো ফল করেছে খুদে শিক্ষার্থীরা। গ্রেডিং পদ্ধতি চালুর প্রথমবারেই ছোটদের এসএসসি হিসেবে খ্যাত এ পরীক্ষায় এক লাখের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ২৬ শতাংশ। গতবার এই হার ছিল ৯২ দশমিক ৩৪ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সব দিক দিয়েই এবার ফল ভালো হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের নেতৃত্বে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। এর পরই ওয়েবসাইট, মুঠোফোন ও সারা দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশিত হয়। বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন মন্ত্রী। প্রাথমিকের পাশাপাশি মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। ইবতেদায়িতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ লাখ ২৫ হাজার ৮৬৯ জন। তালিকাভুক্ত শিক্ষার্থী, অনুপস্থিতির হার, জিপিএ-৫ পাওয়া ও পাসের হারের ভিত্তিতে এবার সারা দেশে শীর্ষে অবস্থান করছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়। এর পরেই আছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় স্থানে আছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবার গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশিত হওয়ায় আগের মতো দেশসেরা শিক্ষার্থী বলে কিছু নেই। জিপিএ-৫ হলো সবচেয়ে ভালো ফল।সারা দেশে এবার ৬৮ হাজার ৬২৯টি বিদ্যালয় থেকে শত ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার শত ভাগ পাস করা বিদ্যালয় ছিল ৫১ হাজার ৫৭৬টি। শত ভাগ পাসের বিপরীতে ৩৭১টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ক্ষেত্রেও উন্নতি হয়েছে। গতবার এ ধরনের বিদ্যালয় ছিল দুই হাজার ৭৮৭টি। এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এসব বিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) ফল পাওয়া গেছে। তবে একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ ওয়েবসাইটে সার্চ করায় প্রথমে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনেও ফল সংগ্রহ করা গেছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিভিন্ন ধরনের ৮৭ হাজার ৮৩২টি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ২৩ লাখ ১৬ হাজার ৫২১ শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ২১ লাখ ২৫ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নয় লাখ ৭৫ হাজার ৫২৯ জন ছাত্র এবং ১১ লাখ ৫০ হাজার ৩৪০ জন ছাত্রী।পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি হলেও গড় পাসের হারে ছাত্ররা সামান্য এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ, আর ছাত্রীদের ৯৭ দশমিক শূন্য ৮ শতাংশ। জিপিএ-৫ পেল এক লাখ পাঁচ হাজার ৬৭৩ জন: গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ তারা সবাই গড়ে প্রতি বিষয়ে ৮০ থেকে ১০০-এর মধ্যে নম্বর পেয়েছে। সংখার দিক দিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেশি দেখালেও মোট শিক্ষার্থীর তুলনায় এটা অনেক কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে এই হার ৪ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৪ থেকে ৫-এর নিচের শিক্ষার্থী চার লাখ ৪১ হাজার ৪২০ জন। জিপিএ-৩.৫ থেকে ৪-এর নিচে আছে তিন লাখ ৯০ হাজার ৫৩২ জন। জিপিএ-৩ থেকে ৩.৫-এর নিচে চার লাখ ১৪ হাজার ৬৮৩ জন। জিপিএ-২ থেকে ৩-এর নিচে পাঁচ লাখ ৮৭ হাজার ২৪৫ জন এবং জিপিএ-১ থেকে ২-এর নিচে শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৩১৬ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ধরনের বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার গতবারের মতো এবারও পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে। এসব বিদ্যালয়ে গড় পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ। এর পরেই আছে ব্র্যাক পরিচালিত বিদ্যালয়, পাসের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ। এরপর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, উচ্চবিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ১৭ শতাংশ, কিন্ডারগার্টেনে ৯৮ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ৮৯ শতাংশ, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ দশমিক ৯৫ শতাংশ, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৯৪ দশমিক ৭৮ শতাংশ, নন-রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ দশমিক ৭৪ শতাংশ, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ৯২ দশমিক ৬৯ শতাংশ, এনজিও পরিচালিত বিদ্যালয়ে ৯১ দশমিক ৪৫ শতাংশ এবং আনন্দ স্কুলে ৭৩ দশমিক ৩৭ শতাংশ।বিভাগগুলোতে পাসের চিত্র: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় সাত বিভাগের মধ্যে গতবারের মতো এবারও শীর্ষে আছে বরিশাল বিভাগ। এ বিভাগে গড় পাসের হার ৯৯ দশমিক শূন্য ৫ শতাংশ। অন্যদিকে গতবারের মতো এবারও পাসের হার কম সিলেট বিভাগে, পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।রাজশাহীতে পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ১৩ শতাংশ, ঢাকায় ৯৮ দশমিক শূন্য ৮ শতাংশ, চট্টগ্রামে ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং রংপুর বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ। ৬৪টি জেলার মধ্যে এবারও পাসের হার বিবেচনায় শীর্ষে আছে মুন্সিগঞ্জ জেলা (পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে পঞ্চগড় ও চাঁদপুর (পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ)। ৫০৩টি উপজেলা ও থানার মধ্যে ৩২টি উপজেলায় শত ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর পাসের হারের দিক দিয়ে সবচেয়ে নিচে আছে হবিগঞ্জ জেলা। উপজেলার মধ্যেও একই উপজেলার বানিয়াচং নিচে অবস্থান করছে। এ উপজেলায় পাসের হার ৭১ দশমিক ৬৮ শতাংশ। বিষয়ভিত্তিক পাসের হার: সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০০ নম্বর করে ছয়টি বিষয়ে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়েছে। এর মধ্যে বাংলায় পাসের হার ৯৯ দশমিক ১৯ শতাংশ, ইংরেজিতে ৯৯ দশমিক ১৮ শতাংশ, গণিতে ৯৮ দশমিক ১৯ শতাংশ, পরিবেশ পরিচিতি সমাজে ৯৯ দশমিক ৮৪ শতাংশ, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৯৯ দশমিক ৬৬ শতাংশ এবং ধর্ম বিষয়ে পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। ১৫ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি বণ্টন: সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী আফছারুল আমীন বলেন, সার্বিকভাবে ফল ভালো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশিত হলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রশংসাপত্র দেওয়া হবে। সনদ দেওয়া হবে ৩১ জানুয়ারির মধ্যে। আর এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি বণ্টন করা হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। বৃত্তির সংখ্যা বাড়ানো নিয়ে মন্ত্রী বলেন, ‘এ বৃত্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বৃত্তির সংখ্যা বাড়ানোর কথা লিখেছি।’ সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।