খুদে শিক্ষার্থীদের জন্য জাতীয় ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। পারিবারিক ও সামাজিকভাবে অধিকাংশ শিক্ষার্থীকে এখন লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়। শিশুদের বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও যে প্রয়োজন, এটা ভুলতে বসেছেন অনেকেই।এই প্রেক্ষাপটে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরে ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরে।দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) সামাজিক উদ্বুদ্ধকরণ খাত থেকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা।সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করেছেন। সারসংক্ষেপে বলা হয়েছে, বর্তমানে জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ ঘটে। এ ছাড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলা প্রয়োজন। এই ভাবনা থেকেই খুদে শিক্ষার্থীদের জন্য জাতীয় আন্তপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতার নাম হবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’। প্রতিবছর নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গতকাল সোমবার সাংবাদিকদের বলেছেন, দেশজুড়ে এই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় ক্রীড়া তারকার আবির্ভাব ঘটবে। তিনি আরও বলেন, জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব রয়েছে। এই প্রেক্ষাপটে সরকার দেশজুড়ে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।পাঁচটি পর্যায়ে প্রতিযোগিতা: ফুটবল প্রতিযোগিতা হবে পাঁচটি পর্যায়ে। প্রথমে ইউনিয়ন বা পৌরসভা পর্যায় থেকে খেলা শুরু হবে। একটি ইউনিয়ন বা পৌরসভার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। এরপর প্রতিযোগিতা হবে উপজেলা বা সিটি করপোরেশন এলাকাধীন থানার মধ্যে। উপজেলার পর জেলা ও বিভাগ হয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক প্রতিটি দল গঠন করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষণ বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খেলায় অংশ নেবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনো নিবন্ধন ফি দিতে হবে না।খেলার মাঠ: খেলার মাঠের দৈর্ঘ্য হবে ৬০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে টুর্নামেন্ট কমিটি নিজ নিজ এলাকার খেলার মাঠ নির্ধারণ করবে। মাঠের আয়তন অনুযায়ী গোলবার, গোলপোস্ট ও পেনাল্টি এলাকা নির্ধারণ করা হবে।প্রতিযোগিতার সব খেলা প্রণীত নীতিমালা ও টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। খেলা পরিচালনায় নীতিমালার আওতায় সমাধানযোগ্য নয়, এমন সমস্যা দেখা দিলে তা ফিফা ও বাফুফের বিধি অনুসারে নিষ্পত্তি করতে হবে।টুর্নামেন্ট কমিটি: খেলা সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য ইউনিয়ন ও পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট কমিটি হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এই কমিটির প্রধান থাকবেন। এ ছাড়া কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগের কমিশনারসহ মোট ২৪ জন সদস্য থাকবেন। এই কমিটি খেলা পরিচালনার নিয়মাবলি প্রণয়ন ও যাবতীয় দিকনির্দেশনা প্রদান এবং প্রতিযোগিতার তারিখ ও সময় নির্ধারণ করবে। এ ছাড়া গোল্ডকাপের ডিজাইন চূড়ান্ত ও প্রস্তুত করাসহ আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।দল গঠন: প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের মধ্য থেকে ১৭ জন খেলোয়াড় ও এসএমসি মনোনীত দুজন কর্মকর্তা নিয়ে দল গঠন করা হবে। খেলোয়াড়দের বয়স হবে সর্বোচ্চ ১২ এবং উচ্চতা হবে সর্বোচ্চ পাঁচ ফুট। গোলরক্ষকসহ মোট ১১ জন খেলায় অংশ নেবে।তবে ১৫ জন খেলোয়াড়, দুজন কর্মকর্তা ও দুজন সহকারী মাঠে প্রবেশ করতে পারবেন। খেলার সময় অতিরিক্ত খেলোয়াড়, কর্মকর্তা ও সহকারী তাঁদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করবেন। খেলোয়াড় আহত হলে রেফারির অনুমতি সাপেক্ষে সর্বমোট দুজন সাহায্যকারী মাঠে প্রবেশ করতে পারবেন।খেলার নির্ধারিত তারিখের সাত দিন আগে প্রধান শিক্ষক টুর্নামেন্ট কমিটির কাছে খেলোয়াড়দের তালিকা দেবেন। খেলা শুরুর এক ঘণ্টা আগে টুর্নামেন্ট কমিটি রেফারির কাছে খেলোয়াড়দের তালিকা দেবে। প্রতি খেলায় তালিকাযুক্ত খেলোয়াড় হতে রেফারির অনুমতি সাপেক্ষে যেকোনো চারজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে।খেলার সময়, রেফারি ও জার্সি: খেলা হবে ৫০ মিনিটের। প্রথমার্ধের ২৫ মিনিট পর ১০ মিনিট বিরতি থাকবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট কমিটি খেলা পরিচালনার জন্য রেফারি নিয়োগ করবে। দল জার্সি নির্বাচন করবে। খেলার স্থান, তারিখ ও সময় টুর্নামেন্ট কমিটি নির্ধারণ করবে।ভাতা ও অংশগ্রহণে ব্যর্থতা: জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোকে টুর্নামেন্ট কমিটি কর্তৃক প্রতি খেলার জন্য দূরত্ব বিবেচনায় নির্ধারিত হারে এককালীন অনুদান দেওয়া হবে। কোনো দল নির্ধারিত তারিখ ও সময়ে ইচ্ছাকৃতভাবে খেলায় অংশ না নিলে এর জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকেরা দায়ী থাকবেন। কোনো দল খেলা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে উপস্থিত না হলে রেফারি ১৫ মিনিট অপেক্ষার পর উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করবেন।খেলার টুকিটাকি: প্রতিটি পর্যায়ে টুর্নামেন্ট কমিটি তিন সদস্যের একটি শৃঙ্খলা উপকমিটি গঠন করবে। উপকমিটি খেলোয়াড়দের আচরণ পর্যবেক্ষণ করবে। খেলা প্রসঙ্গে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে খেলা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ৫০০ টাকা অফেরতযোগ্য ফিসহ প্রতিযোগিতার টুর্নামেন্ট কমিটির সভাপতি অথবা সদস্যসচিবের কাছে অভিযোগ দাখিল করতে হবে।বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট তহবিল নামে কেন্দ্রীয়ভাবে একটি তহবিল গঠিত হবে। সরকারি ও বেসরকারি অনুদানের মাধ্যমে এই তহবিল গঠিত হবে। টুর্নামেন্টের কাজে ব্যয় করা হবে এই তহবিল।ছাত্রদের জন্য ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর ছাত্রীদের জন্য আগামী বছর থেকে আয়োজন করা হবে আন্তপ্রাথমিক বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা।