খুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে সুশৃঙ্খলভাবে দীর্ঘ সারি। কক্ষে ঢুকলে পোলিং কর্মকর্তারা হাতে দিচ্ছে অমোচনীয় কালি। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোটাররা ঢুকছে বুথে। বুথ তৈরি করা হয় কাপড় ও বেঞ্চ দিয়ে। সবকিছুই ছিল সাধারণ নির্বাচনের মতো। পার্থক্য শুধু এই ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই শিশু। প্রার্থী থেকে ভোটার, এমনকি নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।শিশুদের ছাত্র সংসদ (স্টুডেন্ট কাউন্সিল) গঠনের জন্য গতকাল মঙ্গলবার শিশু ভোটাররা ব্যাপক উত্সাহ-উদ্দীপনা নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। এর আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান গতকাল কাপাসিয়া ও মনোহরদি উপজেলায় এই নির্বাচন দেখতে যান। প্রথম আলোকে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দলগতভাবে কাজ করা, গণতান্ত্রিক পরিবেশে বড় হওয়া এবং সহনশীল আচরণ শেখানোর জন্য এই নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ১০০ প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। এটা সফল হলে ভবিষ্যতে সব প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হবে বলে জানান নজরুল ইসলাম খান।গতকালের নির্বাচনে প্রতিটি বিদ্যালয় থেকে সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছে। নিয়মানুযায়ী এই সাতজনের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার ভিত্তিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুজন করে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আরেকজন নির্বাচিত হয়েছে পরাজিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া শিক্ষার্থী। এই সাতজনের সঙ্গে পরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুজন করে শিক্ষার্থী নিয়ে ১৭ জনকে সহযোগী হিসেবে মনোনীত করা হবে। তাদের সমন্বয়ে সাতটি পদ গঠন করে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করা হবে। এগুলো হলো পরিবেশ (বিদ্যালয়ের আঙ্গিনা, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা), পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, দুপুরের খাবার (মিড ডে মিল), অভ্যর্থনা ও আপ্যায়ন। নির্বাচিত ব্যক্তিদের কার্যক্রম পরিচালনা মেয়াদ থাকবে এক বছর। এক বছরে প্রতি মাসে তারা একটি সভা করবে। সভায় সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষকদের কোনো ভূমিকা থাকবে না।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: পুঠিয়া উপজেলার সুরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লাকি খাতুন জানায়, ‘নিজেরা ভোট দিয়ে নিজেদের নেতা নির্বাচন করছি। খুব মজা পাচ্ছি।’উল্লাপাড়া (সিরাজগঞ্জ): ‘আমার গ্যাদার নাইগ্যা গেরামের ব্যাবাক বাড়িতে গেছি ভোট চাইতে, ছাত্তরগরে চকলেট খাওয়াইছি, গ্যাদা আমার লেতা হবি, হুগলি ভালাই ভোট দিতাছে।’ গতকাল সকালে উল্লাপাড়া উপজেলার বাঁখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ও নির্বাচনের প্রার্থী আবু হানিফের মা হালিমা খাতুন এ কথা বলেন। বাঁখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও গতকাল উপজেলার জুংলিপুর, কালীগঞ্জ, হাওড়া ও ঘোনা কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। রংপুর: নির্বাচন উপলক্ষে সদর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ছিল উত্সবের আমেজ। খুদে শিক্ষার্থীরা বাদ্য বাজায়। সবার চোখ-মুখে ছিল হাসির ছটা। সদর উপজেলার বড়বাড়ি, চন্দনপাট, খাসবাগ, রথিরাম ও মৌলভী আবদুস সাত্তার প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। ফলাফল ঘোষণা শেষে অনেক প্রার্থী আনন্দ প্রকাশ করতে এবং অনেক প্রার্থীকে কাঁদতে দেখা গেছে। বরিশাল: সদর উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়। এগুলো হলো সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থী অর্ঘ্য রায় জানায়, মনোনয়নপত্র দাখিলের পর আমরা সব প্রার্থী এক দিন এক মঞ্চে থেকে প্রচার চালিয়েছি। গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাঁচটি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছে। বিদ্যালয়গুলো হলো নিলফা বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াদানা-সিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। এ ছাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেড়াইল কোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় আগেই প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। খুলনা: ‘জীবনে প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে আমার প্রার্থী নির্বাচনে জিতেছে। আজ স্কুলে ভোট দিয়ে জানতে পারলাম ভোট কীভাবে হয়।’ জেলার ফুলতলা আলকা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই অনুভূতি জানায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহজাবীন হক তানহা। ওই বিদ্যালয় ছাড়াও গতকাল উপজেলার ফুলতলা, আটরা শ্রীনাথ, শিরোমনি ও ডাওকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে।নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার মধ্য করিমপুর, কিসমত করিমপুর, পশ্চিম নরোত্তমপুর, মিয়াপুর ও জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। জে কে মডেল বিদ্যালয়ের প্রধান নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, ‘প্রথমবার হওয়ায় কিছুটা অসুবিধা ও কষ্ট হয়েছে সবকিছু বুঝে উঠতে। তবে ভবিষ্যতে যখন বড় হব, তখন নির্বাচনের এই ধারণা আমাদের কাজে আসবে।’মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই, মঈননগর ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামুর্কী ইউনিয়নের জামুর্কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, খুদে ভোটারদের মধ্যে প্রচুর উত্সাহ ছিল। সিলেট: ‘বড় হয়ে আমি এখন সত্যিকারের নির্বাচন কমিশনার হতে চাই!’ কথাগুলো জানায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কমিশনার আয়েশা বেগম। গতকাল তার বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের জন্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের সময় আয়েশা এ কথা বলে। সদর উপজেলার জিন্দাবাজারের ওই প্রাথমিক বিদ্যালয়সহ নবীন চন্দ্র, সোনারপাড়া, রাধারানী ও লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়। শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া, পশ্চিম ভাড়াউড়া, সাতগাঁও, আশীদ্রোণ ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন হয়েছে। ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র মল্লিক নির্বাচন সম্পর্কে বলেন, ‘এটা ভালো উদ্যোগ। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের শিশুরা শ্রদ্ধাশীল হবে।’ ভৈরব (কিশোরগঞ্জ): নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী মডেল, কাছিকাটা, নারান্দি জাহানারা, গাঙকুলকান্দি ও নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল নির্বাচন হয়। বিজয়ী মাসরুয়া সুলতানা হ্যাপি ও তাসনিম আলম আকন্দ জানান, ‘আমাদের চেষ্টা থাকবে আমাদের সঙ্গে কোনো সহপাঠী যেন পড়াশোনা বন্ধ করে না দেয় সেদিকে খেয়াল রাখা।’শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল, পৌরসভা, বিশালপুর ও সীমাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়েছে।