সবাইকে ধুলো, ঝড়, মেঘ, বৃষ্টির শুভেচ্ছা। আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল কালবৈশাখী ঝড়, ধুলো, মেঘ এবং সবশেষে বৃষ্টি। তোমরা সবগুলোকে ঝড়ের মতো উড়িয়ে দিয়েছ। তোমাদের কাছে হার মেনেছে, পরাজিত হয়েছে কালবৈশাখী। প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন মঞ্চে উঠেই দর্শকসারিতে বসে থাকা সবার উদ্দেশে কথাগুলো বলছিলেন। আনন্দে ছাত্রছাত্রীরা আত্মহারা। হাততালিতে মুখরিত হয়ে গেল পুরো বিদ্যালয়। হাততালি তো নয়, যেন ওপরে হাত তুলে সূর্যমুখী ফুল ফোটাচ্ছে সবাই। মুখ দিয়ে বের হচ্ছে আনন্দধ্বনি! গত ৪ এপ্রিল ৮ম ভাষা প্রতিযোগের আঞ্চলিক আসর বসেছিল সিলেটে। সিলেটের নয়া সড়কের পাশে কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে সেদিন ছিল আনন্দ উৎসবের একটি দিন। ভোরের আলো ফুটতেই স্কুলে এসে হাজির হয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। তাদের চোখেমুখে ছিল বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ। ঢাকা থেকে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী ও তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। আবহাওয়া ভালো ছিল না। তার পরও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবাই সারিবদ্ধভাবে মাঠের মধ্যে দাঁড়িয়ে ভাষা প্রতিযোগের জন্য তৈরি হচ্ছিল। সকাল পৌনে ১০টায় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামসুল ইসলাম। এইচএসবিসি এবং প্রথম আলো এ রকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এরপর অনুষ্ঠিত হয় ৩০ মিনিটের পরীক্ষা পরীক্ষা খেলা। পরীক্ষা শেষ হওয়ার পরই শুরু হয় আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব। এক-দুজন করে শিক্ষার্থী এসে বসছিল দর্শকসারিতে। ঠিক সেই মুহূর্তে আঘাত হানে কালবৈশাখী। মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন করে ফেলে চারদিক। বন্ধুসভার বন্ধুরা ছিল সক্রিয়। এই বুঝি পণ্ড হলো অনুষ্ঠান। প্রশ্নোত্তর পর্ব বোধ করি হবে না। পরীক্ষার ফল দিয়েই ভাষা প্রতিযোগ শেষ করতে হবে। কিন্তু না, প্রকৃতি বিমুখ করেনি। দমকা হাওয়া ও বৃষ্টি বিদায় নিল। উঁকি দিল সূর্য। প্রকৃতি উপহার দিল বৃষ্টিভেজা এক সুন্দর দুপুর। শুরু হলো ভাষা প্রতিযোগের আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব। শুরুতেই অরুণ বসু সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক কথাবার্তা বলেন। ভালো প্রশ্ন করার জন্য বই উপহার দেওয়া হয়। প্রশ্ন চলতে থাকল, ‘কে’, ‘রে’ কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি, কিন্তু সম্প্রদান কারকে চতুর্থী কেন? আমড়াগাছি বাগধারাটির অর্থ তোষামোদ করা। কিন্তু কেন? বিরামচিহ্ন যখন ছিল না তখন কেমন করে পড়া হতো, ইত্যাদি। এক শিক্ষার্থী প্রশ্ন করতে গিয়ে এক লাইন গান গেয়ে শোনায়। প্রশ্ন নয়, গানের জন্য সে পেল বিশেষ পুরস্কার। প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অরুণ বসু, তারিক মনজুর, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক মহাম্মদ দানীউল হক। এইচএসবিসির কর্মকর্তা রাফফাত শেফা সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান। প্রশ্নোত্তরের এক মুহূর্তে মঞ্চে দেখা মেলে ভাষাসৈনিক ছদরুদ্দিন আহম্মদ চৌধুরীর। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। যখন রফিক, সফিক ভাষাসৈনিকেরা শহীদ হন, তখন নিজে ওই স্থানে ছিলেন। তিনি স্মৃতিচারণার মধ্য দিয়ে উপস্থিত সবার মধ্যে মাতৃভাষাকে ভালোবাসার প্রত্যয় জাগ্রত করেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অরুণ বসু ছোটদের উপযোগী ছড়া, কবিতা, কুইজ বলে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন।ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। যা অন্যরকম হয়ে উঠল শিল্পী পুলকের গানে। একতারা বাজিয়ে গানের সঙ্গে সঙ্গে সবাইকে তিনি নাচিয়ে তোলেন। গানে গানে দীর্ঘ হয় মাঠের গাছগুলোর ছায়া। ঘোষিত হয় বিজয়ীদের নাম। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৬০ জনকে পায় পুরস্কার। যারা পুরস্কার পেয়েছে তারা খুব খুশি। যারা না পেল তারা অন্যদের পাওয়ার আনন্দে খুশি। এই খুশির বন্যা বয়ে চলুক অনন্তকাল ধরে সিলেটের শিক্ষার্থীদের মনে। ভাষার প্রতি তাদের ভালোবাসা গভীর হোক।