খুদেবার্তায় ঈদকার্ডের বাজার দখল
শনিবার বেলা সাড়ে ১১টা। পল্টনের আইডিয়াল প্রোডাক্টস। এখান থেকে সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগুনতি প্রতিষ্ঠানে বিভিন্ন আচার-অনুষ্ঠান আর পালা-পার্বণের কার্ড পৌঁছায়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আর মাত্র কটা দিন বাকি। কিন্তু চোখে পড়ার মতো কোনো ব্যস্ততা নেই।একই চিত্র পাশের আজাদ প্রোডাক্টসসহ ছোট-বড় কুড়ি-পঁচিশটি প্রতিষ্ঠানে। অনেক খুঁজেপেতে মোহাম্মদী প্রোডাক্টসের দোকানে দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমানকে পাওয়া গেল। সে তার প্রিয় তিন বন্ধুর জন্য তিনটি কার্ড কিনবে। দোকানিরা বললেন, কয়েক বছর ধরেই এই হাল। ঈদ উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কার্ড ছাপাচ্ছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ঈদকার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজটা এখন নেই বললেই চলে। চিঠির জায়গা যেমন দখল করে নিয়েছে ই-মেইল, তেমনি ঈদকার্ডের বিশাল বাজার দখল করে নিয়েছে মুঠোফোনের খুদেবার্তা।তার পরও ক্রেতাদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চলছে। পল্টনের পুরোনো ও অভিজাত দোকানগুলো ঈদ উপলক্ষে শিশুদের জন্য বিভিন্ন কার্টুন চরিত্রের দুই টাকা দামের কার্ড ছেপেছে। আরও আছে মিউজিক্যাল কার্ড। ফিতা খুলে কার্ডের প্রথম পাতাটি ওল্টালেই গান হয় তাতে, আছে ৮০০-৮৫০ টাকা দামের কার্ডও।আইডিয়াল প্রোডাক্টসের ব্যবস্থাপক নজরুল ইসলাম খান বলেন, ‘১৮ বছর ধরে এই প্রতিষ্ঠানে আছি। একটা সময় ছিল, প্রতিদিন কয়েক লাখ ঈদকার্ড বিক্রি হতো। এই ঘরটা স্তূপ হয়ে যেত কার্ডে। মানুষ কার্ড কিনে টাকা দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াত। এখন বিক্রি দশ ভাগের এক ভাগ। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোই মূলত ক্রেতা।’বাংলাদেশে টেলিযোগাযোগ খাতটির নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, দেশে দিনে ১২ থেকে ১৫ কোটি খুদেবার্তা চালাচালি হয়। কিন্তু ঈদ ও অন্যান্য বড় উৎসবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০ কোটিতে।ঈদকার্ড থেকে খুদেবার্তার যুগে এই পদার্পণ কে কী চোখে দেখছেন? বিজ্ঞাপনী সংস্থা জানালা বাংলাদেশের গ্রাফিক্স শিল্পী কাজী অনন্ত। ১৯৮৮ সালে যখন পঞ্চম শ্রেণীতে পড়তেন, তখন থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়া অব্দি নিজে হাতে কার্ড বানিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতেন। প্রায় সাত-আট বছর ধরে আর কার্ড বানান না। এই রেওয়াজ থেকে বেরিয়ে আসাটা কি ভালো, না মন্দ? এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘আগের ওই রেওয়াজটাই ভালো ছিল। কতটা আন্তরিকতা নিয়ে একেক বন্ধুর জন্য তখন কার্ড বানাতাম! এখন সময় পাই না, খুদেবার্তা পাঠাই, বড়জোর একটা ফোন করি। এখন সবাই ব্যস্ত।’তবে দ্বিমত করেছেন গ্রামীণফোনের যোগাযোগ বিভাগের প্রধান মনিরুল কবীর। তিনি বলেন, ‘তিন বছর আগেও ফেসবুক এত জনপ্রিয় ছিল না। কিন্তু এখন ফেসবুক তো খুবই জনপ্রিয়। যোগাযোগের ক্ষেত্রে প্রতিদিনই কোনো না কোনো অগ্রগতি হচ্ছে। এসএমএসের পর এমএমএস এসেছে, ভয়েস মেইলের সুযোগ তৈরি হয়েছে। যে কেউ ছবি বা শুভেচ্ছাবার্তা ডাউনলোড করে প্রিয়জনকে পাঠাতে পারে। কার্ড দিয়ে আর কতজনকেই বা শুভেচ্ছা দেওয়া সম্ভব ছিল! এখন বহু মানুষকে আমরা শুভেচ্ছা জানাতে পারছি।’অনেকে আছে এই দুই ঘরানার বাইরের মানুষ। সোনালী ব্যাংকের কর্মকর্তা আকলিমা খান বললেন, ‘ই-মেইলে যোগাযোগ অনেক সহজ। তবু চিঠির একটা অন্য রকম আবেদন ছিল। ঈদকার্ডও তেমনই। কার্ড কেনার সময় কত কিছুই না চিন্তা করতাম! বড়দের জন্য এক রকম, ছোট ভাইবোনদের জন্য আরেক রকম। কাছের বন্ধুদের জন্য এক রকম, একটু দূরের যারা তাদের জন্য আরেক রকম।’