খুন ও ডাকাতির মামলা ‘রাজনৈতিক বিবেচনা’র শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা। বাদী ও আসামিদের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবু ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা’ করে মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এজাহারভুক্ত পাঁচ আসামি মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। আবেদনটিতে সুপারিশ করেন উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন।গত আগস্ট মাসে এই মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাকাতদের গুলিতে গৃহকর্তাকে হারানো বাদী পরিবারটির সদস্যরা এর পর থেকে আতঙ্কে রয়েছেন।অনুসন্ধানে জানা গেছে, মামলা প্রত্যাহারের আবেদনকারী পাঁচ আসামির কেউই আওয়ামী লীগ বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এর পরও সুপারিশকারী আওয়ামী লীগ নেতা তাঁদের ‘মনেপ্রাণে আওয়ামী লীগের লোক’ বলে বর্ণনা করেছেন।২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের আনল এলাকায় নিজের বাসায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস (৫৫)। গুলিতে আহত হয় হামিদের স্কুলপড়ুয়া মেয়ে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী প্রত্যক্ষদর্শী সাঈদা হামিদ বাদী হয়ে প্রতিবেশী পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে উত্তরা থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। মামলা করার পর আসামিদের চাপে বাড়ি বিক্রি করে দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হন বাদী সাঈদা হামিদ ও তাঁর মেয়েরা। এই ডাকাতি মামলার আসামিদেরই ‘রাজনৈতিক হয়রানির শিকার’ উল্লেখ করে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।মামলার বিবরণ: এজাহারে নাম উল্লেখ করা মামলার পাঁচ আসামি হলেন জয়নাল আবেদীন মোল্লা, তাঁর ছেলে শাহীন ও শরীফ, জয়নাল মোল্লার ভায়রা হুমায়ুন কবীর রিয়াজ ও তাঁর জামাতা ইকবাল হোসেন। চারজন তদন্ত কর্মকর্তার দীর্ঘ প্রায় আট মাস তদন্তের পর ২০০৫ সালের ৮ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। এতে এজাহারের বাইরে আরও পাঁচজনসহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়। এরা বা ঘটনার শিকার প্রকৌশলী হামিদ এবং তাঁর পরিবারের কেউই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন। দুই দশক প্রবাসে থাকার পর সপরিবারে দেশে ফিরেছিলেন হামিদ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এলাকার রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পাশের বাড়ির জয়নাল আবেদীন মোল্লা তাঁর দুই ছেলে ও অন্যদের নিয়ে হামিদের বাসায় ঢুকে তাঁকে গুলি করে হত্যা ও বাড়িতে লুটপাট করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, এলাকার রাস্তার নামকরণ নিয়ে জয়নাল মোল্লার সঙ্গে প্রকৌশলী আবদুল হামিদের বিরোধ চলছিল। এর জের ধরে জয়নাল মোল্লা নিজের পরিবারের সদস্য ও ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এজাহারের বাইরে যে পাঁচজনকে অভিযোগপত্রে আসামি করা হয় তাঁরা হলেন—আলী আশরাফ সরকার, ফিরোজ মিয়া, নিরঞ্জনচন্দ্র পাল, নওশেদুর রহমান ও জাকির হোসেন। মোট ১০ আসামির মধ্যে পাঁচজন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বাকি পাঁচজন পলাতক। পলাতকেরা হলেন—শাহীন, হুমায়ুন, নিরঞ্জন, লিটন ও জাকির।ঘটনার পরপরই এজাহারভুক্ত আসামি জয়নাল, শরীফ ও ইকবাল আদালত থেকে জামিন নেন। এরপর পুলিশ উত্তরা থানার অন্য একটি মামলায় জয়নাল মোল্লা ও তাঁর জামাতা ইকবালকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জয়নাল মোল্লার বাসায় চাল রাখার পাত্র থেকে ডিজিটাল ক্যামেরা, একটি মোবাইল ফোন ও এক জোড়া কানের দুল উদ্ধার করে। নিহত প্রকৌশলীর পরিবারের সদস্যরা এগুলো তাঁদের বাসা থেকে লুট হওয়া বলে শনাক্ত করেন। অভিযোগপত্রে পুলিশ ৪১টি আলামতের উল্লেখ করেছে, যার মধ্যে জয়নাল মোল্লার বাসা থেকে উদ্ধার করা জিনিসপত্রও রয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রকৌশলী হামিদকে বেশ কয়েকবার হুমকি দেন জয়নাল মোল্লা। বিষয়টি নিয়ে তাঁর বিরুদ্ধে উত্তরা থানায় দুটি জিডিও করেছিলেন হামিদ।প্রত্যাহার-প্রক্রিয়া: ২০০৬ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। মামলার ৩৫ সাক্ষীর মধ্যে ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দেওয়া এখনো বাকি। এ অবস্থায় চলতি বছরের আগস্ট মাসে সংশ্লিষ্ট আন্তমন্ত্রণালয় কমিটি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তে নিহতের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।আন্তমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু। কয়েক দিন পরে তিনি ওই আবেদন ফেরত দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। কিন্তু এর কয়েক দিন পরই আবার দ্বিতীয় আবেদন নাকচ করে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন তিনি। এ বিষয়ে আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, মামলা প্রত্যাহারের বিষয়টা স্থগিত রাখা হয়েছিল বলে তিনি এ রকম করেছিলেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শামসুল হক বাদল প্রথম আলোকে বলেন, জয়নাল মোল্লাসহ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে দুজন পলাতক।শামসুল হক বলেন, ‘আমার চেষ্টা থাকবে পলাতকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হতে না দেওয়ার। বাকিটা আদালতের সিদ্ধান্ত।’বাদী সাঈদা হামিদের ভাই আফজাল হোসেন জানান, খুনের মামলাটি তুলে নিতে জয়নাল মোল্লা ও তাঁর পরিবার নানাভাবে চাপ দিচ্ছিল। চাপের মুখে ২০০৭ সালে সাঈদা বাড়ি বিক্রি করে দিয়ে মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।সাঈদা হামিদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘জয়নাল মোল্লা তাঁর দুই ছেলে, জামাতাসহ অন্য কয়েকজনকে নিয়ে রাত তিনটার দিকে আমাদের বাসার ভেতরে ঢোকেন। শব্দ শুনে আমরা কী হচ্ছে, তা বাতি জ্বালিয়ে দেখতে যাই। আমি, আমার দুই মেয়ে ও কাজের মেয়ের চোখের সামনেই জয়নাল মোল্লার ছেলে শাহীন নিজ হাতে গুলি চালিয়েছেন। এখন সরকার কী ভেবে মামলাটা প্রত্যাহার করছে, আমরা বুঝতে পারছি না। আমার আর মেয়েদের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাচ্ছে।’সাঈদা হামিদ আরও বলেন, ‘আমার ধারণা, উচ্চপর্যায়ে টাকা দিয়ে নিজেদের বাঁচার ব্যবস্থা করেছেন জয়নাল মোল্লা।’রাজনীতি-সংশ্লিষ্টতা জানে না কেউ: গত সোমবার দক্ষিণখানের আনলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে অনেকেই জানান, জয়নাল মোল্লা কখনোই কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। একটি চায়ের দোকানে আড্ডারত স্থানীয় কয়েকজন বলেন, জয়নাল মোল্লা একসময় পুলিশের রেশন স্টোরে কাজ করতেন। তিনি রাজনীতি করতেন না।উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রথম আলোকে বলেন, ‘জয়নাল মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাই তাঁর মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার প্রশ্নই আসে না।’কিন্তু মামলা প্রত্যাহারের সুপারিশকারী উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জয়নাল ‘মনেপ্রাণে’ আওয়ামী লীগের লোক। তবে তাঁর কোনো পদ নেই।জয়নাল সম্পর্কে ভারপ্রাপ্ত সভাপতির এ বক্তব্য জানালে সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে চিনি না। তিনি কখনোই আওয়ামী লীগের কেউ নন বা ছিলেন না।’নাম প্রকাশে অনিচ্ছুক আনল এলাকার ছাত্রলীগের এক নেতাও জানান, তিনি কখনো জয়নালকে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বা দলের জন্য এক টাকা চাঁদা দিতে দেখেননি। তাঁর সন্দেহ, জয়নাল মোল্লা কোনোভাবে থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে ‘ম্যানেজ’ করেছেন।প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস প্রায় ২০ বছর মধ্যপ্রাচ্যে কাটিয়ে ২০০০ সালের দিকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পে যোগ দেন। দক্ষিণখানে জমি কিনে একটি বাড়ি তৈরি করেছিলেন হামিদ। কিন্তু বেশি দিন সেই বাড়িতে থাকা হয়ে ওঠেনি তাঁর এবং পরিবারের কারোরই।অপব্যবহারের আবর্তে: রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়েছে—এ যুক্তিতে অনেক ফৌজদারি অপরাধের মামলাও প্রত্যাহার হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত ছয় হাজার মামলা প্রত্যাহার হয়েছে, যার অনেকগুলোই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। এর আগে প্রথম আলোয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ ১৯ জনের নামে দায়ের করা খুনের মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে সরকার ১ নম্বর আসামিকে অব্যাহতি দিয়ে মামলাটি পুনরুজ্জীবিত করে। এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের ২০০১-২০০৬ মেয়াদেও রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেওয়া হয়। এ প্রক্রিয়ায় মোট ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত খালাস পায়। অভিযোগ রয়েছে, এ সুযোগে খুন, ডাকাতি, রাহাজানি ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও মুক্তি পেয়ে যায়।রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত সাত সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্তগুলো দেয়। এ কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। কমিটিতে আরও আছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন) কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করেন।