খুন করার নির্দেশ শাকিলকে কে দিয়েছে, তার তদন্ত হওয়া দরকার
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বিশ্বজিতের হত্যাকারী শাকিলকে অমানুষ করার জন্য কে দায়ী? খুন করার নির্দেশ শাকিলকে কে দিয়েছে, তার তদন্ত হওয়া দরকার। কারণ, দেশ এভাবে চলতে পারে না।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ‘বিজয় দিবসের আলোচনা ও জাতীয় ঐক্যের ডাক’ অনুষ্ঠানে ড. কামাল এসব কথা বলেন। গণফোরামের নির্বাহী সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কামাল হোসেন বলেন, ‘দুই দল আমাদের দেশের সকল সম্ভাবনাকে পচিয়ে দিয়েছে। তাই মানুষকে বুঝাতে হবে, ক্ষমতা তাদের। ক্ষমতা দুই দলের কাছে ইজারা দেওয়া হয়নি।’ বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্বজিৎকে বিএনপির কর্মী ভেবে হত্যা করা হয়েছে। তার মানে কি বিএনপির কর্মী হলে যাকে-তাকে হত্যা করা যাবে? কে এই শিক্ষা দিয়েছে! কিন্তু আমাদের সমাজে এ শিক্ষা গ্রহণযোগ্য নয়। সমাজে পরিবর্তন আনার জন্য জাতীয় ঐক্যের দরকার। আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার চাই।’ তিনি আরও বলেন, ইতিমধ্যে বিশ্বজিৎ হত্যার প্রথম পর্বের বিচার শেষ হয়ে গেছে। জনগণ সরকারকে ঘৃণা করতে শুরু করেছে। বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, ‘বর্তমান সরকারের জন্ম হয়েছে এক-এগারোর ঘটনা থেকে। কিন্তু এ থেকে তারা কোনো শিক্ষা নেয়নি। উল্টো ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে।’আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেখানে মানুষ মারা যাওয়ায় বারাক ওবামাকে কাঁদতে দেখা যায়, সেখানে বিশ্বজিৎ মারা যাওয়ার পর আওয়ামী লীগ-বিএনপির একজন নেতাকেও কি কাঁদতে বা অনুশোচনা করতে দেখা গেছে?’অনুষ্ঠানে বক্তব্য দেন বিকল্পধারা সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মো. শামসুদ্দোহা, সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, মো. ইউসুফ, আ অ ম শফিক উল্লাহ, শাহ আহমেদ, আসাদুজ্জামান প্রমুখ।