খুন করে দক্ষিণ কোরিয়ায় গেলেন উত্তর কোরীয় সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কর্মকর্তাকে হত্যা করে দক্ষিণ কোরিয়ায় পালিয়েছেন উত্তর কোরিয়ার এক সেনা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, আজ শনিবার বিকেলে (গ্রিনিচ মানসময় তিনটা) দক্ষিণ কোরিয়ায় পৌঁছান ওই সেনা। এ সময় তিনি কর্তব্যরত দুজন উত্তর কোরীয় কর্মকর্তাকে হত্যা করেন।সশস্ত্র বাহিনীর কড়া পাহারা উপেক্ষা করে উত্তর কিংবা দক্ষিণ কোরিয়ায় সেনাদের পালানো একেবারেই বিরল। ২০১০ সালে সর্বশেষ সেনা পালানোর ঘটনা ঘটে। গত ৬০ বছরে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ দিয়ে ২০ হাজারের বেশি উত্তর কোরীয় চলে যান দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ছয়টি গুলির শব্দ শোনা গেছে। এর পরই নিরাপত্তারক্ষীরা সীমান্তের পশ্চিম প্রান্ত দিয়ে ওই সেনাকে ঢুকতে দেখেন। পরে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, সীমান্ত অতিক্রমকারী ওই সেনাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছিল। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সীমান্তে হত্যা বা অস্বাভাবিক ঘটনার কথা স্বীকার করা হয়নি।