খুন-ধর্ষণের আরও ১০ মামলা প্রত্যাহার করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় খুন-ধর্ষণের আরও ১০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি। এগুলোর মধ্যে কয়েকটি মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট জেলা কমিটি সুপারিশই করেনি। কয়েকটির ক্ষেত্রে সরকারি কৌঁসুলি (পিপি) সুপারিশ করতে অপারগতা জানিয়েছেন।এই ১০টিসহ বর্তমান সরকারের আমলে মোট সাত হাজার ১০১টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কমিটি। ফলে খুনি, সন্ত্রাসী, ধর্ষকসহ প্রায় এক লাখ আসামি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় আছেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় কমিটির ৩০তম সভায় এসব মামলা ও মামলা থেকে আসামিদের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়। গত ১৯ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। এরপর ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারার ক্ষমতাবলে এসব মামলা বা আসামির বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, জাতীয় কমিটির বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করেই মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। তার পরও কারও কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়। তবে এ কমিটি শীর্ষস্থানীয় সন্ত্রাসীসহ খুন বা ডাকাতির মতো ফৌজদারি মামলার আসামিদেরও অব্যাহতি দেওয়ায় এ প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে।বিশিষ্ট আইনবিদ শাহ্দীন মালিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক মামলা প্রত্যাহার নয়, সরকারের উচিত ছিল এ ধরনের মামলা করার পথ বন্ধ করা। আর রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এত মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলে অপরাধীরা রাজনৈতিক পরিচয় লাভে উৎসাহী হবে। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য আলাদা একটি স্বাধীন সংস্থা থাকে। আর আমাদের দেশে এই কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী নিজেই।’১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে আবেদন করতে পারেন। তবে আদালতে করা নালিশি মামলা বা ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেয়। এ প্রক্রিয়ায় মোট ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত খালাস পায়। এর মধ্যে অনেক খুন, ডাকাতি, ধর্ষণের মামলাও ছিল।১০টি মামলা: মামলাগুলো হলো: টাঙ্গাইল জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রউফ হত্যা। এ মামলার আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের নেতা ও নবনির্বাচিত সাংসদ আমানুর রহমান খান এবং তাঁর ভাই পৌরসভার বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান ও জাহিদুর রহমান খান। তাঁদের বাবা জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খানের নামও ছিল আসামির তালিকায়।এ ছাড়া রয়েছে সাতক্ষীরার আলী মোস্তফা, নোয়াখালীর সেনবাগে যুবদল নেতা ওমর ফারুক ওরফে বাচ্চু হত্যা, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হাতিয়াপাড়ার রাজমিস্ত্রি, যুবলীগের সমর্থক মো. ইব্রাহিম হত্যা, ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজের ইউপি সদস্য জয়নাল আবেদীন হত্যা, সিদ্ধিরগঞ্জে কসাই দীন ইসলাম হত্যা, সাতকানিয়ায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও কর্মী হেলাল হত্যা, ফটিকছড়ির রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা আবুল বশর ওরফে বাইশ্যা হত্যাকাণ্ড। এ ছাড়া শরীয়তপুরে রাজনৈতিক বিবেচনায় দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় কমিটি। এর একটি ধর্ষণের মামলা। অপরটি হচ্ছে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে করা মামলা।