একই অস্ত্র, একই খুনি, নির্দেশদাতাও একজন। শুধু খুনের কারণ ও শিকার ভিন্ন। তাঁরা পৃথকভাবে খুন করেছেন দুজনকে—ওয়ার্ড কাউন্সিলর আহমেদ হোসেন ও পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ।ওয়ার্ড কাউন্সিলরকে খুন করা হয়েছে অর্ধকোটি টাকার চুক্তিতে, স্বর্ণ ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে। দুটি খুনেরই নির্দেশদাতা বিদেশে পালিয়ে থাকা শীর্ষস্থানীয় সন্ত্রাসী ডাকাত শহীদ।খুনি ডাকাত শহীদের দুই সহযোগী কাউসার আহম্মেদ ও শহীদুল ইসলাম। তাঁরা এখন মহানগর গোয়েন্দা পুলিশের কবজায়। গ্রেপ্তারের পর দুজনই স্বীকার করেছেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনায়ই গুলি করেছেন কাউসার আহম্মেদ। অস্ত্র—একটি সি-জেড ব্রাউনিং পিস্তল। তত্ত্বাবধানে ছিল শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ।গতকাল সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার ও ডিবির প্রধান অমূল্য ভূষণ বড়ুয়া, উপকমিশনার মাহবুবুর রহমান (উত্তর) ও উপকমিশনার মনিরুল ইসলাম (উত্তর)।তুই বিষয়ডা শুধু দেহিস...‘তুই বিষয়ডা শুধু দেহিস, আর কাউসারে কামডা সারবো।’ এ-ই ছিল ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল (দক্ষিণ) সভাপতি আহমেদ হোসেনকে হত্যার জন্য বিদ্যুৎকে দেওয়া ডাকাত শহীদের নির্দেশ। এরপর আহমেদ কাউন্সিলরের ব্যক্তিগত এক কর্মচারীকে পটিয়ে দলে ভিড়িয়ে ফেলে শহীদের অনুসারীরা। সুযোগ বুঝে ৯ ফেব্রুয়ারি রাতে আলুবাজারে মসজিদ থেকে বের হওয়ার সময় আহমেদ কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়।পুলিশ বলছে, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীনের কাছ থেকে ৪০ লাখ টাকার চুক্তিতে আহমেদ কাউন্সিলরকে হত্যার দায়িত্ব নেন ডাকাত শহীদ। কলকাতায় গিয়ে ডাকাত শহীদের সঙ্গে দেখা করে দেনা-পাওনা বুঝিয়ে দেওয়াসহ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যানুযায়ী, টানা কয়েক দিন অভিযানের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গত রোববার রাতে গ্রেপ্তার করে ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎকে। বিদ্যুতের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ গ্রেপ্তার করে নাজিম চেয়ারম্যানকে। এরপর গ্রেপ্তার হন শ্যুটার কাউসার আহম্মেদ। এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন কাউসার। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ড দুটিতে ব্যবহূত পিস্তল, একটি ভারতে তৈরি রিভলবার, সাতটি গুলি ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। এর আগে আহমেদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন আসলাম, নান্টু ও আহমেদ কাউন্সিলরের ব্যক্তিগত কর্মী গুড্ডু।কাউন্সিলর হত্যার পর গুড্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ। আসলাম আর নান্টুকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানার পুলিশ। পরে এঁদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়, আলুবাজারের ঢাকা টাওয়ারে অর্থ লগ্নির টাকা ফেরত না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে নাজিম চেয়ারম্যান আহমেদ কাউন্সিলরকে খুন করার পরিকল্পনা করেন। ঢাকা টাওয়ারে চার কোটি টাকা লগ্নি করেও কোনো ফল পাননি নাজিম।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, ডাকাত শহীদ প্রথমে খুনের দায়িত্ব দেন আসলাম নামের এক সন্ত্রাসীকে। আসলাম সঙ্গী করেন নান্টু নামের অপর একজনকে। প্রায় দুই মাস ঘুরেও খুন করতে ব্যর্থ হন আসলাম ও নান্টু। এরপর ডাকাত শহীদ দায়িত্ব দেন বিদ্যুৎকে, সঙ্গে শ্যুটার কাউসার। প্রথমেই আহমেদ কাউন্সিলরের ব্যক্তিগত কর্মী গুড্ডুকে হাত করে ফেলেন বিদ্যুৎ। এরপর ৯ ফেব্রুয়ারি রাতে আহমেদ কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে এশার নামাজ আদায় করেন গুড্ডু। তখন পাশের একটি দোকানে বসে চা-পুরি খাচ্ছিলেন শ্যুটার কাউসার, সঙ্গে ছিল আরও দুজন। নামাজ শেষ করেই গুড্ডু ফোন করেন কাউসারকে। মসজিদ থেকে বের হয়ে আসেন আহমেদ কাউন্সিলর। এ সময় একজন ভিক্ষুক বারবার টাকা চাচ্ছিল আহমেদ কাউন্সিলরের কাছে। খুনি দলেরই একজন তাকে ২০ টাকা দিয়ে বিদায় করে। এরপরই কাউসার পিস্তল দিয়ে আহমেদ কাউন্সিলরকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যান।পুলিশ কর্মকর্তারা জানান, কাউসারের সঙ্গী ছিল কয়েকজন। তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি।ডিবির কার্যালয়ে বিদ্যুৎ সাংবাদিকদের জানান, তিনি পুরান ঢাকায় বিভিন্ন লোকের কাছ থেকে ডাকাত শহীদের চাঁদা সংগ্রহ করেন। ঘটনার এক মাস আগে তাঁকে ফোন করে ডাকাত শহীদ বলেন, ‘কাউসারে কামডা করবো, তুই শুধু বিষয়টা দেহিস।’ এরপর এ কাজের পেছনে আরও লোক লাগান বিদ্যুৎ। হত্যাকাণ্ডের পর কাউসারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। তবে বিদ্যুৎ এর জন্য অতিরিক্ত কোনো টাকা পাননি।বিদ্যুৎ জানান, এ কাজের জন্য নাজিম চেয়ারম্যান কলকাতায় গিয়ে ডাকাত শহীদকে ৫০ লাখ টাকা দিয়েছেন। সেখানেই সবকিছু চূড়ান্ত হয়।তবে খুনের জন্য টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে নাজিম চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, এসবই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। আহমেদ কাউন্সিলর তাঁর মেয়ের উকিল শ্বশুর। তিনি আহমেদের মালিকানাধীন ঢাকা টাওয়ারে আড়াই কোটি টাকা লগ্নি করেছেন এবং এর বিনিময়ে প্রতি মাসে ভাড়া পাচ্ছেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলেও অস্ত্র ও বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার হয়েছিলেন নাজিম। তিনি বিদ্যুৎ বা কাউসার কাউকেই চেনেন না বলে জানান।হাঁটুতে গুলিবিদ্ধ কাউসার এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন। তবে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। শুধু বলেছেন, ‘পুলিশ যা বলে তা-ই।’আমি দেহায়া দিলাম...‘আমি দেহায়া দিলাম, কাউসারে গুলি করলো।’ সরল স্বীকারোক্তি রাজধানীর পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ হত্যাকারী বিদ্যুতের। চাহিদামতো চাঁদা না দেওয়ায় ৪ মার্চ প্রেমকৃষ্ণকে হত্যা করেন ডাকাত শহীদের অনুসারী বিদ্যুৎ ও কাউসার। গত রোববার আহমেদ হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এ তথ্য।গতকালের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ডাকাত শহীদ টেলিফোনে প্রেমকৃষ্ণের বড় ভাইয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদার টাকা সময়মতো বিদ্যুতের কাছে পৌঁছিয়ে না দেওয়ার কারণে প্রেমকৃষ্ণকে হত্যার সিদ্ধান্ত নেন ডাকাত শহীদ।গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘ভাইয়ে কইছিলো, আরও লোক লাগবো কি না। কাউসারে কইলো, হে একাই পারবো। হ্যার (প্রেমকৃষ্ণের) যাওয়ার পথে আমরা বইসা আছিলাম। আমি দেহায়া দিলাম, কাউসারে গুলি করলো।’একই সি-জেড ব্রাউনিং পিস্তল দিয়ে এর আগে আহমেদ হোসেনকেও গুলি করেন কাউসার। পুলিশ সেই পিস্তলটি উদ্ধার করেছে।