খুনি পূর্বপরিচিত, ভাইয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় গতকাল রোববার বিকেলে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন মেহেরুনের ভাই নওশের আলম। পুলিশ কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ সোমবার দুপুরের মধ্যেই তাঁরা রহস্য উদ্ঘাটনের আশা করছেন। খুনি নিহত দুজনের পূর্বপরিচিত, তবে পরিবারের কেউ নয় বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।গতকাল বিকেলে শেরেবাংলা নগর থানায় মামলা দায়েরের পর নওশের আলম সাংবাদিকদের বলেন, খুনিদের বিষয়ে তাঁরা কাউকে সন্দেহ করতে পারছেন না। এ কারণে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন।মামলা দায়েরের পর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যেই মামলা উদ্ঘাটনের চেষ্টায় আছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক আছেন ভবনের তিন কর্মী। ঘটনা উদ্ঘাটনে ও খুনিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি, সিআইডির একটি ও থানাপুলিশের দুটি দল কাজ করছে। র‌্যাবও কাজ করছে। র‌্যাবের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তদন্ত সম্বন্ধে তিনি বলেন, ‘তদন্তে অনেকগুলো দিক বিবেচনা করা হচ্ছে। প্রাপ্ত তথ্যগুলো যাচাই করা হচ্ছে।’এদিকে, দুই দিনব্যাপী মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সম্মেলন শেষে আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। এই সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান সাংবাদিক দম্পতি খুনের তদন্তের সর্বশেষ তথ্য দিতে পারেন বলে দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।গত শনিবার সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। সরওয়ারকে অসংখ্য ছুরিকাঘাতে ও মেহেরুনকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খুনের ঘটনা প্রচার হওয়ার পর দিনব্যাপী তা আলোচিত হয়। সরকারের কয়েকজন মন্ত্রী, বিরোধী দলের নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাঁদের বাসায় যান। শনিবার দুপুরে বাসায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশকে।গতকাল সকালে মেহেরুনের মা নুরুন্নাহার মির্জা ও দুই ভাইকে নিয়ে ঘটনাস্থল ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানে তাঁদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। নুরুন্নাহারের সঙ্গে সাংবাদিক দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে মাহির সরওয়ার (মেঘ) ছিল। পরে পুলিশ ফ্ল্যাটটি তালা দিয়ে পুলিশের গাড়িতে করে মাহির ও তার নানিকে তাদের ইন্দিরা রোডের বাসায় নামিয়ে দিয়ে আসে।এরপর পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের কয়েকটি দল কাজ করছে। পরিবারের ভেতর ও বাইরে পুলিশ যাদের সঙ্গে দরকার মনে করছে, তাদের সঙ্গে কথা বলছে। কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের দরকার মনে হয়েছে, তাদের সঙ্গেই কথা বলেছে পুলিশ, কোনো শ্রেণী-পেশার বিষয় এটা না। আর কাদের সঙ্গে কথা হয়েছে, সেটা এই মুহূর্তে বলার মতো নয়।’পূর্বপরিচিত তবে পরিবারের নয়: হত্যাকাণ্ডের ধরন দেখে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা শনিবার বলছিলেন, খুনি পূর্বপরিচিত, তা পরিবারের মধ্যের কিংবা অন্য কেউ হতে পারে।তবে গতকাল তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, খুনি সরওয়ার-মেহেরুন দম্পতির পূর্বপরিচিত, তবে পরিবারের কেউ নন। খুনি নিহত দুজনের বন্ধু অথবা পেশাগতভাবে পরিচিত বা বন্ধুস্থানীয় হতে পারে। খুনি মেহেরুনের সঙ্গে ফ্ল্যাটে ঢুকতে পারে অথবা তাদের কাছে বিকল্প চাবিও থাকতে পারে। তবে ওই ভবনের ফ্ল্যাটমালিক সমিতির সভাপতি মো. নুরুন্নবী গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণত ফ্ল্যাটমালিকের সঙ্গে কেউ ভবনে ঢুকলে নিরাপত্তাকর্মীরা তাঁদের নাম অতিথির তালিকায় নিবন্ধন করেন না।অতিথি নিবন্ধন খাতায় শুক্রবার বিকেলে সরওয়ার-মেহেরুনের ফ্ল্যাটে যাওয়ার জন্য তৌফিক নামে যে অতিথির নাম নিবন্ধিত আছে, তাঁর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিবন্ধন খাতা অনুযায়ী শুক্রবার ওই ফ্ল্যাটে একমাত্র অতিথি ছিলেন তৌফিক। তদন্ত কর্মকর্তারা জানান, শনিবার রাতে ওই ভবন থেকে আটক করা তিন কর্মীকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ভবনের ব্যবস্থাপক আবু তাহের ও নিরাপত্তাকর্মী হুমায়ুন কবীর শেরেবাংলা নগর থানা হেফাজতে এবং নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল ডিবি হেফাজতে আছেন। কর্মকর্তারা বলেন, সরওয়ার, মেহেরুন ও মাহিরের অংশ নেওয়া তিনটি পিকনিকের ছবি ও ভিডিও সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে দুটি পিকনিক দুটি সাংবাদিক সংগঠনের আর একটি মাহিরের স্কুলের। মাহির বলেছে, দুই খুনিকে সে আগে একটি পিকনিকে দেখেছে। পুলিশ কর্মকর্তাদের মতে, পিকনিকে অংশ নেওয়াদের কাউকে হত্যাকাণ্ডের পর মাহির দেখে থাকতে পারে। এ ছাড়া শনিবার রাতে হত্যাকাণ্ডের কক্ষ থেকে আলামত হিসেবে একটি রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ।মাহিরের বিবর্ণ সকাল: মা-বাবা ছাড়া মাহিরের খুব বেশি একা থাকা হয়নি। চাপা স্বভাবের শিশুটি নিজের কষ্টের কথা অন্যদের বলতেও চায় না। মা-বাবা মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে আগলে রেখেছেন। শনিবার দিনভর মাহির প্রায় কিছুই খায়নি। রাতে নানিবাড়িতেই ছিল, ভালো করে ঘুমায়ওনি। বিপর্যস্ত মাহিরকে তাই অপরিচিত লোকদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। গতকাল দিনভরই সাংবাদিকেরা মাহিরের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তবে পরিবারের সদস্যরা তা এড়িয়ে গেছেন।পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে পত্রিকা আসার সঙ্গে সঙ্গেই কেড়ে নিয়ে যায় মাহির। সে বাংলা পড়তে পারে না। ছবি দেখিয়ে বলতে থাকে, ‘দেখো আমার মেমি-বাবা (মা-বাবা)। ওদের মেরে ফেলেছে।’ টিভি খুলে কার্টুন দেখার বদলে মাহির এখন সারা দিনই বিভিন্ন চ্যানেলের খবরে খুঁজে ফিরছে মা-বাবাকে। গতকাল দুপুরে মাহিরের স্কুলের শিক্ষক, কয়েকজন সহপাঠী ও অভিভাবক তার সঙ্গে দেখা করতে এলেও সে স্বাভাবিকভাবে কথা বলেনি।মাহিরের মামা নওশের বলেন, এখন পরিবারের একটাই চাওয়া, মাহির যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। যে দৃশ্য সে দেখেছে, তা হয়তো কোনো দিনই ভোলার নয়। সবাই এখন ওকে স্বাভাবিক দেখতে চাইছে।