খুনিকে রাষ্ট্রপতির ক্ষমা আইনের শাসনকে ম্লান করছে: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ব্যর্থতার পাল্লাও ভারী হচ্ছে। ফলে সব ওজন ম্লান হয়ে যাচ্ছে।টিআইবি মনে করে, রাষ্ট্রপতি জিল্লুর রহমান কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করার ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। হত্যাকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার, সরকারি ছাত্র সংগঠনের সদস্যদের অপরাধ প্রতিরোধে পুলিশি ব্যর্থতা সরকারের অর্জনকে ম্লান করছে।রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মামলা খারিজ এবং কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখায় তা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টিআইবি এ প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও প্রধান বিরোধী দল বিএনপিকে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১১ সালের জুলাই মাস পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী এ প্রতিবেদন তৈরি করা হয়।দেশের অবকাঠামো, বিশেষ করে সড়ক যোগাযোগ খাতের চরম অব্যবস্থাপনা, অদক্ষতা, দুর্নীতি এবং জবাবদিহির অনুপস্থিতির কারণে সৃষ্ট বেহাল দশায় টিআইবি ক্ষোভ প্রকাশ করে। বিশেষত প্রশিক্ষণ ছাড়াই অদক্ষ এবং অপ্রাপ্তবয়স্কদের রাজনৈতিক বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে রাজনৈতিক প্রভাব বিস্তারে ক্ষোভ প্রকাশ করা হয়।টিআইবি আরও বলেছে, সরকারের ১২টি খাত হচ্ছে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কার্যকর সংসদ প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, তথ্যের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনের সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর স্বাধীনতা ও শক্তিশালীকরণ, শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন সংস্কার, মানবাধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন এবং এনজিও খাতে সুশাসন প্রতিষ্ঠা।‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে নির্বাচনী প্রতিশ্রুতি: অগ্রগতি পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের এ অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল সভাপতিত্ব করেন। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান উপস্থিত ছিলেন। গবেষণাপত্র উপস্থাপন করেন শাহাজাদা আকরাম।