খুনিদের আনতে সাহায্য করবে ভারত: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দুই খুনিকে দেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকার সহায়তা করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত দুই খুনি ভারতে লুকিয়ে আছে বলে সরকার জানতে পেরেছে। এসব খুনিকে বাংলাদেশে ফেরত দিতে ভারত সহায়তা করবে বলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরকারকে আশ্বস্ত করেছেন।আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফ এসব কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, যারা কানাডায় লুকিয়ে আছে, তারাসহ বঙ্গবন্ধুর সব খুনিকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে। সরকার এ ব্যাপারে সব সময় তত্পর আছে। কত দিনের মধ্য ফিরিয়ে আনা সম্ভব হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়া ছাড়া বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।’বনানী কবরস্থানে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মহীউদ্দীন খান আলমগীর, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। বাসস।