খুনিদের গ্রেপ্তার ও স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছর ধরে এই খুনিরা সদম্ভে বলে বেড়িয়েছেন তাঁরা খুন করেছেন। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পালাতে শুরু করেন তাঁরা। ১৯৯৬ সালের ১৩ আগস্ট আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও আর্টিলারি মুহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতের রায় ঘোষণার দিন ১৯৯৮ সালের ৮ নভেম্বর অপর আসামি বজলুল হুদাকে ব্যাংকক থেকে দেশে ফেরত আনা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ ২০০৭ সালের ১৮ জুন আসামি এ কে এম মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ওই দিন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।ফারুক রহমানের জন্ম নওগাঁর মল্লিকপুরে। বজলুল হুদা ১৯৪৯ সালের ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় জন্মগ্রহণ করেন। এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) ৩১ ডিসেম্বর ১৯৪৬ সালে পটুয়াখালীর গলাচিপায় জন্মগ্রহণ করেন। মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) জন্মও পটুয়াখালীর গলাচিপায়। কাজিকান্দা গ্রামে। সুলতান শাহারিয়ার রশিদ খানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর গ্রামে।বঙ্গবন্ধু হত্যা মামলার পেপারবুক থেকে জানা যায়, সুলতান শাহারিয়ার রশিদ খান, সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিন আহমেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাযজ্ঞে জড়িত থাকার কথা স্বীকার করেন। সৈয়দ ফারুক রহমান হত্যা পরিকল্পনার পূর্বাপর উল্লেখ করে আদালতে বজলুল হুদা, নুর চৌধুরী (পলাতক) ও মহিউদ্দিনকে বঙ্গবন্ধুর বাড়িতে অভিযানের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। পরে তিনি ট্যাংক নিয়ে ৩২ নম্বরে গেলে বজলুল হুদা জানান রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু) নিহত। সুলতান শাহারিয়ার রশিদ খান তাঁর স্বীকারোক্তিতে বলেন, মহিউদ্দিন (ল্যান্সার), নুর চৌধুরী, বজলুল হুদা, আজিজ পাশা (জিম্বাবুয়েতে মারা গেছেন) ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন। আর্টিলারি মুহিউদ্দিন ধানমন্ডি লেকের এলাকায় কামান স্থাপন করে গোলা নিক্ষেপ করেন। রিসালদার মুসলেম উদ্দিন ল্যান্সার গ্রুপের কিছু সদস্যকে শেখ মণি ও তাঁর স্ত্রীকে হত্যা করে। আব্দুর রব সেরনিয়াবাতের বাড়িতে রাশেদ চৌধুরী, মোস্তফা ও অন্য এক কর্মকর্তাকে তিনি দেখেছেন।মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) আদালতে বলেন, ওই রাতে হামলার আগে ব্রিফিংয়ে সৈয়দ ফারুক রহমান তাদের দায়িত্ব বণ্টন করেন। তখন কর্নেল (অব.) আবদুর রশিদও ছিলেন। শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার জন্য অস্ত্র-গোলাবারুদসহ ১০০ ল্যান্সার সৈনিক ও ৫০ জন আর্টিলারি সৈনিক নিয়োগ করা হয়। এ দলের নেতৃত্ব দিতে নুর চৌধুরী, বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনকে নিযুক্ত করে।ওই রাতে খুনিরা শিশুসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ ১৭ জনকে হত্যা করে।