পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করে বলেছেন, নরসিংদীর মেয়র লোকমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তদন্তের অগ্রগতি হয়েছে। তদন্তকাজ পুরোপুরি শেষ হলে আসামিদের ধরা হবে।ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ পরিদর্শক (অপরাধ) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।আজ শনিবার লোকমান হত্যাকাণ্ডের উদ্দেশ্য, মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরেজমিন ধারণা নিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নরসিংদী আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ পরিদর্শক (প্রশাসন) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মামলাটি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে সরাসরি তদারক (মনিটরিং) করা হচ্ছে। ঘটনার দিন একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছিল। এর সূত্র ধরেই কাজ চলছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে—এমন প্রতিটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, সবার কাছে লোকমান হত্যার রহস্য ও খুনিদের মুখোশ উন্মোচন করা হবে।’লোকমান খুন হয়েছেন ১১ দিন হলো। এখনো এজহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি—বিষয়টি পুলিশের ব্যর্থতার মধ্যে পড়ে কি না। এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আসল কথা হচ্ছে, হত্যা মামলার আসামিরা ঘরে বসে থাকে না। পুলিশ দেখলে দৌড়-ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে এই কথা বলতে পারি, পুলিশ পুরোপুরি পেশাদারির মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। তদন্ত শেষ হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।’লোকমুখে প্রচার আছে, মামলার প্রধান আসামি টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাউদ্দিন ওরফে বাচ্চুকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। এমন প্রচারে সত্যতা আছে কি না, জবাবে তিনি বলেন, তথ্যটি ঠিক নয়। এককথায় এখন পর্যন্ত এজহারভুক্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।