খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করা হয়েছিল: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করা হয়েছিল। খুনিদের প্রণীত আইন জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানকে ’৭২ সালের মূল চেতনায় ফিরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে সংবিধান লঙ্ঘন করে আর কেউ কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ এখন আর কোনো জঙ্গিবাদের দেশ নয়। উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে আমাদের পরিচিতি ঘটেছে।বিরোধী দল বিএনপির আন্দোলন ও হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাঝেমধ্যে তারা হরতাল-টরতাল ডাকুক। দিন-তারিখ ঠিক করে মাসে একবার হরতালের ডাক দিলেই হয়। এতে লোকজন বিশ্রাম পাবে।’ হরতালকে ‘পরিবেশবান্ধব’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হরতাল ডাকার পর বিরোধী দলের নেতা-কর্মীদের কলকারখানায় ঠিকই কাজকর্ম চলে। গতকাল রোববার নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধন অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘জামায়াতে ইসলামীকে আর ধ্বংসাত্মক কার্যক্রম ও ভাঙচুর করতে দেওয়া হবে না। দেশে জঙ্গি তত্পরতা বন্ধ রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে চলেছ। উন্নয়ন ও অগ্রগতির পক্ষে চলমান এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল তত্পর হয়ে উঠেছে।’যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, অর্থনীতিবিদ আবুল বারকাত, আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান, নিজাম চৌধুরী ও সাজ্জাদুর রহমান।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে ’৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্বর্ণযুগ বলা যায়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছিল। তিনি বলেন, ২০০১ সালের পর জনগণের স্বপ্ন চুরমার হওয়া শুরু করে। বিএনপি ও তাদের জোট সরকার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তোলে। জঙ্গি সন্ত্রাসীদের উর্বর দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হয়ে ওঠে। তুলনামূলক চিত্রে দেখা যায়, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি, হত্যা, ধর্ষণের ঘটনা ২০০১ সালের পরবর্তী সময়ে চরমে পৌঁছে। তিনি বলেন, এ সময়টিতে ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়, দেড় হাজার সাংবাদিক হয়রানির শিকার হন। গুপ্তহত্যা ও ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড বিএনপি-জামায়াত চক্র শুরু করে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান হয়েছে বিএনপি জোট সরকারের মদদে। দুর্নীতি করে লোকজন আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তিনি বলেন, অর্থ পাচারকারীদের খুঁজে বের করতে আমাদের উদ্যোগ নিতে হয়নি। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ে এসব চোরাকারবারি ও অর্থ পাচারকারীদের তথ্য বেরিয়ে এসেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন হবে না। দেশে দুর্নীতি দমন কমিশন কাজ শুরু করেছে। সব পর্যায়ে দুর্নীতি বন্ধ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মতত্পরতার কারণেই গত উন্নয়ন বাজেটের ৯৩ ভাগ সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি। বিশ্বমন্দার চলমান বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশে জাতীয় প্রবৃদ্ধির হার আগামী বছরে ৭ শতাংশে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে, রপ্তানি আয় বেড়েছে এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আর পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না। আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো যা পারেনি, আমরা তা করতে সক্ষম হয়েছি। বর্তমান সরকারের সময়ে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশ কমেছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে। বিদ্যুত্ সমস্যার সমাধান করা হয়েছে। জ্বালানি ও কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে জনগণের কল্যাণের জন্য। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। ই-ব্যাংকিংসহ সব ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ পুরোদমে এগিয়ে চলছে।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর পদ অস্থায়ী—যখন জনগণ ভোট দেবে না, তখন ক্ষমতায় থাকব না। তিনি বলেন, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যারা ক্ষমতার জৌলুসে থাকে, তাদের অনেক বদ অভ্যাসও আরও খারাপের দিকে যায়। নাম উল্লেখ না করে তিনি বলেন, ওইসব ক্ষমতালিপ্সুরা ক্ষমতাচ্যুত হলে উন্মাদ হয়ে ওঠে। হঠাত্ যা পায়, পরে তা না পেয়ে চুরি করা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছি। জনগণের কল্যাণের জন্য আমরা আমাদের বর্তমানকে উত্সর্গ করে যেতে চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু হবে বলে ঘোষণা দিয়েছেন। বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ সরবরাহ পাওয়ার পরই নিউইয়র্ক রুটে বিমান চালু করা সম্ভব হবে বলে তিনি জানান। আগামী নভেম্বরে এ সরবরাহ পাওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশে এখন শান্তি বিরাজ করছে। যারা চুরি করেছে, হত্যা-লুণ্ঠন করেছে এবং যুদ্ধাপরাধ করেছে, বাংলাদেশে এখন কেবল তারাই অশান্তিতে আছে বলে তিনি উল্লেখ করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এক বক্তৃতায় বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বসভায় শান্তির ডাক দিয়েছেন অথচ দেশের মানুষ শান্তিতে নেই। বিরোধী দলের নেতার এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার এবং এর বৈপ্লবিক সাফল্যের কথা তিনি তুলে ধরেন। সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের বহু নগরের চেয়েও ঢাকা নগরে অপরাধের হার কম বলে তিনি উল্লেখ করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর বক্তব্যে বলেছেন, আগামী এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধের অবসান ঘটবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণেই প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমানা বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বিএনপি জোট সরকারের আমলে গ্রামের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলো গোয়ালঘরে পরিণত হয়েছিল। বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব অরাজকতা দূর হতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, বিগত দিনে মৌলবাদের অর্থনীতি বাংলাদেশে পরিপুষ্ট হয়েছে। সম্প্রতি জামায়াতে ইসলামীর ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে মৌলবাদী অর্থনীতির যোগসূত্র রয়েছে। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সারা বিশ্বের অন্য কোনো নেতা অবস্থান গ্রহণ করেননি। এ কারণে শান্তির দূত হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতির যোগ্য দাবিদার বলে তিনি উল্লেখ করেন।প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজনীতির কুটিলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশে যে উন্নয়ন চলছে তা খালেদা জিয়ার ভালো লাগে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে জনগণের হূদয় থেকে মুছে ফেলে দেওয়া যাবে না।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, আল্লাহ যাকে চুল ধরে টানে, তাকে পায়ে ধরে থামানো যাবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বশান্তি’ পুরস্কার দেওয়ার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।নিউইয়র্কে বিএনপির বিক্ষোভসংবর্ধনা চলাকালে হোটেল হিলটন-সংলগ্ন সড়কপথে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। জামায়াতে ইসলামীর লোকজন দলীয় কোনো ব্যানার না নিয়ে হোটেল-সংলগ্ন সড়কপথের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। রোববারের বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক জামায়াত সমর্থকদের উপস্থিতি লক্ষ করা গেছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জামায়াতের সমর্থকেরা দিনব্যাপী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের পর দলীয় সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে দলের তিনটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিজাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক নগর আওয়ামী লীগ কমিটির সভাপতি হয়েছেন কমান্ডার নুরুন্নবী, সাধারণ সম্পাদক শাহীন আজমল। অঙ্গরাজ্য কমিটির সভাপতি হয়েছেন মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী।