রাজধানীর মতিঝিলে নিহত পুলিশ কনস্টেবল মঞ্জুরুল ইসলামের খুনির এক সহযোগীকে শনাক্ত করেছে পুলিশ।সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করতে গেলে সন্ত্রাসীরা কনস্টেবল মঞ্জুরুল ইসলামকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশের নায়েক হাবিবুল্লাহ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে মারা যায় সন্ত্রাসী সাইফুল ইসলাম। পুলিশের আহত সদস্য হাবিবুল্লাহ এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকেরা বলেছেন, হাবিবুল্লাহ আশঙ্কামুক্ত। তাঁর বুকের বাঁ পাশ ঘেঁষে গুলি বেরিয়ে গেছে।মঞ্জুরুল ইসলাম খুনের পর শুক্রবার মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী সাইফুলের সহযোগীর নাম-ঠিকানা পাওয়া গেছে। সে ঢাকায় অবস্থান করছে। তবে অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক মোক্তার হোসেন প্রথম আলোকে জানান, অস্ত্র লুট করার জন্য, নাকি তল্লাশির আশঙ্কায় সন্ত্রাসীরা গুলি ছুড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা জানান, পুলিশের গুলিতে নিহত সাইফুল ইসলাম চিহ্নিত সন্ত্রাসী। পল্টন থানায় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার তিনটি মামলা আছে। অস্ত্র আইনের মামলায় সাইফুল আট বছর সাজা খেটে পাঁচ মাস আগে কারাগার থেকে বের হয়। মাদক আইনের মামলায়ও তার পাঁচ বছরের সাজা হয়েছে। পল্টন থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, পেশাদারির সঙ্গে তল্লাশি চালাতে গেলে ওই দিন প্রাণহানির ঘটনা ঘটত না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে কনস্টেবল মঞ্জুরুল ইসলামের লাশ তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার দুধখালীতে দাফন করা হয়েছে।