খুনিরা শনাক্ত, নির্দেশদাতাকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় খুনিদের শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলেছে, নিহত মিজানুর রহমানের মেজো ভাইয়ের ছেলে গ্রপ্তোর হওয়া তৌফিকুর রহমান তাঁর চাচা-চাচীকে হত্যা করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও রিভলবার উদ্ধার করা হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই মামলার তদন্তভার নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, তৌফিকুর নিজেই যে খুনে অংশ নিয়েছিলেন এ বিষয়টি পরিষ্কার। তাঁর সঙ্গে আর কারা ছিল তাও জেনেছে পুলিশ। তবে কে, কোন উদ্দেশ্য হাসিলের জন্য এ খুনের নির্দেশ দিয়েছিল তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা মাদকাসক্ত তৌফিকুরের কথায় আস্থা রাখতে পারছেন না। তাঁর দেওয়া তথ্য আরও ভালোভাবে যাচাই করা হচ্ছে।গত বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ৩৭/১ নম্বর বাড়িতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বিথী রহমান (৪৫)।তদন্তে সংশি্লষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল শনিবার রাতেই অনানুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার নেয় ডিবি পুলিশ। ডিবি ও মহানগর পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা শনিবার গভীর রাত পর্যন্ত তৌফিকুরকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি খুনের কথা স্বীকার করলেও তাঁর বক্তব্যে এখনো অনেক কিছু পরিষ্কার হয়নি। খুনের কারণ জিজ্ঞেস করলেই তিনি বিরক্ত হন। তাঁর তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে শহীদ ফারুক সড়কেই তাঁর মামা দেলোয়ার হোসেনের বাড়ির টিনের চাল থেকে অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়। এ সময় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।পুলিশ জানায়, তৌফিকুর একটি ছুরি নিয়ে সকালে ওই বাসায় যান। সঙ্গে আরও কয়েকজন ছিল। তিনি ঘরে ঢুকে মিজানুরের লাইসেন্স করা রিভলবারটি নিয়ে নেন। এরপর সেটি দিয়ে চাচা ও চাচিকে গুলি করেন। গুলির আগে-পরে তাঁদের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাঁর দাদি নিচে নেমে এলে তাঁকে জবাই করে হত্যা করে তাঁর সহযোগীরা।মামলা তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান জানান, শনিবার গভীর রাতে শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের পেছনের একটি বাড়ির টিনের চাল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে মিজানুরের রিভলবার, একটি ছুরি, গুলির পাঁচটি খোসা, তিনটি মোবাইল ফোনসেট, ছয়টি চুরি, গলার দুটি মালা ও এক জোড়া কানের দুল পাওয়া যায়।