খুনিরা শনাক্ত, নির্দেশদাতাকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় খুনিদের শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলেছে, নিহত মিজানুর রহমানের মেজো ভাইয়ের ছেলে গ্রেপ্তার হওয়া তৌফিকুর রহমান তাঁর চাচা-চাচিকে হত্যা করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও রিভলবার উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই মামলার তদন্তভার নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, তৌফিকুর নিজেই যে খুনে অংশ নিয়েছিলেন, এ বিষয়টি পরিষ্কার। তাঁর সঙ্গে আর কারা ছিল, তাও জেনেছে পুলিশ। তবে কে, কোন উদ্দেশ্য হাসিলের জন্য এ খুনের নির্দেশ দিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা মাদকাসক্ত তৌফিকুরের কথায় আস্থা রাখতে পারছেন না। তাঁর দেওয়া তথ্য আরও ভালোভাবে যাচাই করা হচ্ছে।গত বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ৩৭/১ নম্বর বাড়িতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বিথী রহমান (৪৫)।তদন্তে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গত শনিবার রাতেই অনানুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার নেয় ডিবি পুলিশ। ডিবি ও মহানগর পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা শনিবার গভীর রাত পর্যন্ত তৌফিকুরকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি খুনের কথা স্বীকার করলেও তাঁর বক্তব্যে এখনো অনেক কিছু পরিষ্কার হয়নি। খুনের কারণ জিজ্ঞেস করলেই তিনি বিরক্ত হন। তাঁর তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে শহীদ ফারুক সড়কেই তাঁর মামা দেলোয়ার হোসেনের বাড়ির টিনের চাল থেকে অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়। এ সময় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।পুলিশ জানায়, তৌফিকুর একটি ছুরি নিয়ে সকালে ওই বাসায় যান। সঙ্গে আরও কয়েকজন ছিল। তিনি ঘরে ঢুকে মিজানুরের লাইসেন্স করা রিভলবারটি নিয়ে নেন। এরপর সেটি দিয়ে চাচা ও চাচিকে গুলি করেন। গুলির আগে-পরে তাঁদের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাঁর দাদি নিচে নেমে এলে তাঁকে জবাই করে হত্যা করে তাঁর সহযোগীরা।মামলা তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান জানান, শনিবার গভীর রাতে শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের পেছনের একটি বাড়ির টিনের চাল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে মিজানুরের রিভলবার, একটি ছুরি, গুলির পাঁচটি খোসা, তিনটি মোবাইল ফোনসেট, ছয়টি চুরি, গলার দুটি মালা ও এক জোড়া কানের দুল পাওয়া যায়।যাত্রাবাড়ী থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, কালো যে ট্রাভেল ব্যাগটি থেকে এগুলো উদ্ধার করা হয় সেটিও মিজানুরের বাসা থেকে নেওয়া। রিভলবারটি মিজানুর সব সময় বিছানার পাশে ড্রয়ারে রাখতেন। ঘটনার পর তৌফিকুর ১২ ইঞ্চি লম্বা ছুরি, রিভলবার ও গুলির খোসা কুড়িয়ে ব্যাগে ভরে নিয়ে আসেন। গয়নাগুলো নিহত বিথীর এবং মোবাইল ফোনগুলো বিথী ও মিজানুরের। যে বাড়ির চাল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে সে বাড়িতে মূলত তৌফিকুরের মামাতো ভাই ও বন্ধু ফয়সাল থাকতেন। ফয়সালের বাবা দেলোয়ারের আরেকটি সংসার রয়েছে। তিনি এ বাড়িতে বেশি থাকেন না। হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তৌফিকুররা ব্যাগটি সরিয়ে ফেলার চেষ্টা করেন। তবে সময় না পাওয়ায় তা চালে ফেলে দেন। ছুরিটি ধুয়ে পরিষ্কারের চেষ্টা করা হলেও তাতে রক্তের কিছু দাগ বোঝা যায়।৩৭/১ নম্বর বাড়ির গ্রেপ্তার হওয়া দারোয়ান আকবর আলী এর আগে পুলিশকে জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের দিন তিনি সকালে একটি ব্যাগ হাতে তৌফিকুরকে বাসা থেকে বের হতে দেখেছেন।বিথীর ভাই ওবায়দুল কবীর প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া গয়নাগুলো তাঁর বোনের হতে পারে। বিথী সব সময় হাতে ছয়টি আংটি পরতেন। তাঁর গলায়, কানে ও হাতে হালকা সোনার কিছু অলংকার থাকত। হত্যার পর তাঁর শরীরে অলংকারগুলো ছিল না।পুলিশ জানায়, তৌফিকুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিজ হাতে গুলি করার কথা স্বীকার করেছেন। খুনের কারণ জানতে চাইলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেছেন, তিনি এক বোতল ফেনসিডিলের জন্য মানুষ খুন করতে পারেন।